ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি হামলা ও অবরোধের মধ্যে গাজ্জা উপত্যকায় ভয়াবহ খাদ্যসংকটের চিত্র উঠে এসেছে জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সর্বশেষ বিশ্লেষণে। এতে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৪৬ শতাংশ পরিবার গত ৩০ দিনের মধ্যে অন্তত একবার ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে গেছে। এর মধ্যে ৭ শতাংশ পরিবার ওই সময়ে ১০ বারের বেশি ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছে। এ ছাড়া অর্ধেক পরিবার অন্তত একবার সম্পূর্ণ খাদ্যশূন্য হয়ে পড়েছে।
আগস্টের খাদ্যনিরাপত্তা বিশ্লেষণ অনুযায়ী, ২১ শতাংশ পরিবার দিনে মাত্র একবেলা খাবার খাচ্ছে। প্রায় ৩৮ শতাংশ পরিবার দৈনিক খাবারের সংখ্যা কমিয়েছে। সন্তানদের খাবার নিশ্চিত করতে ১৭ শতাংশ পরিবার প্রতিদিন প্রাপ্তবয়স্কদের খাবার কমিয়ে দিচ্ছে।
জরিপে অংশ নেওয়া ৭৫ শতাংশ পরিবার জানিয়েছে, বাজার থেকে খাদ্য সংগ্রহে তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। নগদ অর্থের সংকট ও খাদ্যের উচ্চমূল্যকে এর প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
