সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইরান সমর্থিত হুথি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিসর, পাকিস্তান ও তুরস্ক। একই সঙ্গে এসব হামলা অবিলম্বে ও নিঃশর্তভাবে বন্ধের দাবি জানিয়েছে দেশ চারটি।
রোববার (১১ অক্টোবর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ‘আর৪ গ্রুপ’ নামে পরিচিত চার দেশ এ দাবি জানায়। সৌদি আরব, মিসর, পাকিস্তান ও তুরস্ক নিয়ে গঠিত এই জোটের বিবৃতি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করে।
যৌথ বিবৃতিতে চার দেশ জানায়, হুথি বাহিনীর এসব হামলায় বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামো ও স্থাপনার ক্ষতি হয়েছে। তাদের মতে, এসব হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এগুলো দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা ও বেসামরিক মানুষের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং এমন বিপজ্জনক উত্তেজনা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য নয়।
চার দেশ সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আওতায় সৌদি আরবের নেওয়া সব বৈধ পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এসব হামলার ফলাফল এবং এর মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সৃষ্ট যেকোনো পরিণতির জন্য হুথি বাহিনীকে সম্পূর্ণ দায়ী করা হচ্ছে। একই সঙ্গে অবিলম্বে ও নিঃশর্তভাবে এসব হামলা বন্ধের জোরালো দাবি জানানো হয়।
সূত্র: সৌদি প্রেস এজেন্সি, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়, আল আরাবিয়া
