তালেবান সদস্যদের ‘সৈনিক’ হিসেবে নয়, বরং ‘সাধারণ মানুষ’ বলেই মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল পিবিএস নিউজ আওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ও এশিয়ান নিউজ নেটওয়ার্ক।
সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিল, সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে তালেবানের যে উত্থান ঘটেছে সেটির জেরে পাকিস্তানে রাজনৈতিক বা সামাজিক কোনো অস্থিরতা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে কিনা?

যুক্তি হিসেবে বলা হয়, তালেবান সদস্যরা পশতু জাতিগোষ্ঠীর অন্তর্ভূক্ত। তাছাড়া পাকিস্তানেও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে পশতুরা অন্যতম সংখ্যাগরিষ্ঠ জাতি। আফগানিস্তানে তালেবানদের শাখা সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানও (টিটিপি) সক্রিয় সংগঠন। এর বাহিরে আফগান-পাকিস্তান সীমান্তসহ পুরো পাকিস্তানজুড়ে ৩০ লাখেরও বেশি আফগান শরণার্থী আছে।
জবাবে ইমরান খান বলেন, সীমান্ত এলাকায় বর্তমানে প্রায় ৫ লাখ আফগান শরনার্থী বসবাস করছেন। আর তালেবান সদস্যরা সাধারণ মানুষ, সৈনিক নয়। যদি সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় সেক্ষেত্রে পাকিস্তান প্রশাসনিকভাবে আগাবে। তার আগ পর্যন্ত আতঙ্ক বা শঙ্কার কোনো কারণ নেই।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অভিযোগ, তালেবান সদস্যদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান। দেশটি দিনকে দিন তালেবানদের জন্য নিরাপদ স্বর্গ হয়ে উঠছে।
এ বিষয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একেবারেই ভুল এবং মিথ্যা একটি ধারণা। এসব কথা যারা বলেন তাদের উদ্দেশে বলবো, পাকিস্তানের কোন কোন এলাকা এমন হয়ে উঠছে তার প্রমাণ দিন।’
যেসব শরণার্থী পাকিস্তানে আশ্রয় নিয়েছেন তারা জঙ্গি নন দাবি করে তিনি বলেন, এই লোকগুলো নিজ দেশে সবকিছু হারিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা সম্ভব নয়।
ইত্তেফাক/টিএ
