ক্যানসার হাসপাতাল হবে ৮ বিভাগে : স্বাস্থ্যমন্ত্রী

0
125
ক্যানসার হাসপাতাল হবে ৮ বিভাগে : স্বাস্থ্যমন্ত্রী - ছবি - সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, দেশে ২হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে আট বিভাগে ৮টি ক্যানসার হাসপাতাল তৈরি হবে। সেখানে ক্যানসারসহ হার্ট ও কিডনির চিকিৎসার ব্যবস্থা থাকবে।

বৃহস্পতিবার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যানসার চিকিৎসার জন্য এতো লোক ঢাকায় আসে, দীর্ঘসময় রোগীসহ তাদের স্বজনদের ঢাকায় থাকতে হয়। চিকিৎসার জন্য অনেক সময় লাগে, এ চিকিৎসাও ব্যয়বহুল। তাই হাসপাতালগুলো তৈরি হয়ে গেলে অন্য বিভাগের লোকদের কষ্ট করে ঢাকায় আসতে হবে না। আটটি হাসপাতালে প্রায় ১হাজার বেড হবে। এতে অনেকাংশে এ রোগের চিকিৎসা পেতে মানুষের কষ্ট দূর হবে। সেজন্য আমাদের চেষ্টা চলছে।

জাহিদ মালেক বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে অনেক আজেবাজে কথা বলা হচ্ছে। যারা গুজব ছড়ায় তারা দেশের মানুষের ভালো চায় না। এটা আমরা করতেও দেবো না। আমরা সারা বছর ভ্যাকসিন নেবো, করোনা নিয়ন্ত্রণে আসবে।

যারা দেশের মঙ্গল চায় না তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে অভিযোগ করে মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ষড়যন্ত্র করছে। আমরা সজাগ আছি, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। দেশের মানুষ সচেতন, মানুষ উন্নয়ন চায়। এ ধারা অব্যাহত রাখতে হবে।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাহ আলম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 5 =