চীনে কয়েক মাস ধরেই মানুষের কাছে নকল ভ্যাকসিন বিক্রি করছিলো একটি অসাধু চক্র। সম্প্রতি এ চক্রের ৮০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সিএনএন।
শিনহুয়া জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকেই ভুয়া ভ্যাকসিনের ব্যবসা করছিলো চক্রটি।
সম্প্রতি দেশটির জিয়াংসু, বেইজিং ও শানডং এলাকা থেকে অন্তত ৮০ জনকে গ্রেপ্তার করেছে চীনা পুলিশ। অভিযুক্তরা অন্তত তিন হাজার ডোজ নকল ভ্যাকসিন বানিয়েছিলো।
পুলিশের বরাতে শিনহুয়া জানিয়েছে, অভিযুক্তরা ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ইনজেক্টরগুলোতে স্যালাইন ভরে করোনাভাইরাসের ভ্যাকসিন নামে বাজারজাত করে এবং সেগুলো চড়া দামে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নেয়।
উল্লেখ্য, চীনে বর্তমানে সিনোভ্যাক এবং সিনোফার্ম নামে দু’টি প্রতিষ্ঠানের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে। চীনের বাইরেও কয়েকটি দেশে চলছে এগুলোর ব্যবহার।
আমারসংবাদ/এমএ

