সরকারি সেবায় ঘুষের অভিজ্ঞতা ও দাবিকৃত অর্থের চিত্র তুলে ধরতে ২১ আগস্ট ২০২৬ চালু হয়েছে নতুন উন্মুক্ত প্ল্যাটফর্ম ‘ঘুষ.সাইট’। সাইফ কবির ও শাহেদ শরিফ নামের দুই তরুণের উদ্যোগে চালু হওয়া এই ওয়েবসাইটে নাম-পরিচয় গোপন রেখেই নাগরিকরা সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানাতে পারছেন।
চালুর প্রথম দুই দিনেই সাইটটিতে ৮০৪টি অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগে ঘুষ হিসেবে চাওয়া অর্থের মোট পরিমাণ ১৩ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৩০টি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে। এরপর চট্টগ্রামে ১৬৭, রাজশাহীতে ৪৪, খুলনায় ৪৩, সিলেটে ৩৮, রংপুরে ৩৭, ময়মনসিংহে ৩০ এবং বরিশালে ১৫টি অভিযোগ জমা পড়ে। অভিযোগকারীদের প্রায় ১৮ শতাংশ জানিয়েছেন, তারা ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
তৃতীয় দিনে আরও ১ হাজার ৫২টি অভিযোগ যুক্ত হওয়ায় তিন দিনে মোট অভিযোগের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৫৬টি। এসব অভিযোগে দাবিকৃত ঘুষের মোট অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৫০ লাখ টাকার বেশি।
সাইটটিতে অভিযোগকারীরা কোন সরকারি দপ্তর বা সেবা নিতে গিয়ে ঘুষ চাওয়া হয়েছে, কোথায় ঘটনা ঘটেছে এবং কত টাকা দাবি করা হয়েছে—এসব তথ্য জানাতে পারেন। অভিযোগকারীদের পরিচয় গোপন রাখা হয় এবং প্রকাশের আগে ব্যক্তিগত তথ্য বাদ দিয়ে অভিযোগগুলো মডারেশন করা হয়।
তবে উদ্যোক্তারা স্পষ্ট করেছেন, ‘ঘুষ.সাইটে’ প্রকাশিত অভিযোগগুলো কোনো আইনি প্রমাণ বা তদন্ত প্রতিবেদন নয়। এগুলো অভিযোগকারীদের দেওয়া তথ্য এবং প্রতিটি অভিযোগকে আনভেরিফায়েড হিসেবে বিবেচনা করা হয়। সরকারি সেবায় ঘুষের প্রবণতা ও এর ব্যাপ্তি সম্পর্কে একটি উন্মুক্ত চিত্র তৈরি এবং নাগরিকদের সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
