আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৩-তে দাঁড়িয়েছে।
রোববার তালেবান সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে কাতারভিক্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। এর আগে শনিবার দেশটিতে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর কয়েক দফা আফটারশক হয়। হেরাত প্রদেশের চারটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষয়ক্ষতি বিষয়ে তালেবান সরকারের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সায়েক জানান, ২ হাজার ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ২৪০ জন। এছাড়া ১ হাজার ৩২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
হেরাতের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
প্রাথমিকভাবে জাতিসঙ্ঘ নিহতের সংখ্যা ৩২০ বলে জানিয়েছিল। পরে তারা জানায়, নিহতের সংখ্যা এখনো নিশ্চত নয়, যাচাই করা হচ্ছে।
সূত্র : আল জাজিরা
