মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে আরব দেশগুলোকে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির রাজনৈতিক উপপ্রধান জেনারেল ইয়াদোল্লাহ জাভানি বলেছেন, আরব দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন বাহিনী ও সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া উচিত; তা না হলে সেসব ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে পাল্টা সামরিক জবাব দেওয়া হবে।
আধা-সরকারি ইরানি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে জাভানি বলেন, আরব দেশগুলোর জন্য নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনী সরিয়ে নিয়ে ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়াই ভালো হবে।
তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যেসব ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করা হবে, সেগুলোই ইরানের পাল্টা হামলার লক্ষ্য হতে পারে। এ প্রসঙ্গে তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের কথা উল্লেখ করেন।
জাভানির এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ইরান কুয়েত, বাহরাইন ও জর্ডানে হামলার দাবি করেছে। অন্যদিকে জর্ডান ও বাহরাইন কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।
এর ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও বিস্তৃত হয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চাপও বাড়ছে। তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স
