নতুন করে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ইরানে কয়েকজন নিহত এবং ৫০ জনের বেশি বাসিন্দা আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলের অন্তত ৪ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
মঙ্গলবার রাতে সবশেষ দফার মার্কিন হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের সহকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুহেস্তাক গ্রামের কয়েকজন বাসিন্দা নিহত হয়েছেন।
তিনি বলেন, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। হামলার কারণে এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ৫০ জনের বেশি বাসিন্দা আহত হয়েছেন।
এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় অন্তত দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
ইরানের কোনারাক কাউন্টি এবং জাস্ক ও বান্দার লেঙ্গেহ শহরেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিরোফত শহরের একটি ‘বেসামরিক বিমানবন্দরেও’ মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।
মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসের পূর্বদিকে হরমোজগান প্রদেশে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানিয়েছে আইআরআইবি।
প্রতিবেদন অনুযায়ী, কেশম দ্বীপের মাসান গ্রামের আশপাশে পাঁচটির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কেশম থেকে হরমুজ প্রণালির দিক থেকেও আরো চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে দুই দেশের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
তবে নৌপথে চলাচল নিয়ে মতপার্থক্যের জেরে জুলাইয়ে যুক্তরাষ্ট্র ইরানে দুই সপ্তাহব্যাপী বোমা হামলা শুরু করে এবং একই সঙ্গে দেশটির ওপর নতুন করে নৌ অবরোধ আরোপ করে।
ইরানের পাল্টা হামলা
ইরানজুড়ে ব্যাপক হামলার পর পাল্টা হামলা শুরু করেছে তেহরানও। এর অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলের জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে আইআরজিসি।
জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে দীর্ঘপাল্লার আরকিউ-৪ এবং এমকিউ-৯ ড্রোন থাকা হ্যাঙ্গারগুলোকে লক্ষ্য করে একটি ‘ভারী’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এই হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। বেশ কয়েকজন মার্কিন ফ্লাইট ও কারিগরি কর্মী নিহত হয়েছেন। কারিগরি অবকাঠামোর কয়েকটি অংশে আগুন ধরে গেছে। তবে হামলায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়টি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
