আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গণেশ দাশ গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামি গণেশ (১৯) চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সেবক কলোনির শরিফ দাশের ছেলে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকার জেলা পরিষদ সুপার মার্কেট থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে। এ সময় র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিষয়বস্তু অনুযায়ী, গত বছর ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১ জুন তৎকালীন কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়ে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জনকে আসামি করা হয়।
গত ২৮ আগস্ট তৎকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। যদিও ৩১ জনকে আসামি করে মামলার এজাহার দায়ের করা হয়েছিল, তবে এজাহারনামীয় গগন দাশ, বিশাল দাশ ও রাজকাপুর মেথরের সম্পৃক্ততা না পাওয়ায় তদন্ত কর্মকর্তা তাদের অব্যাহতির আবেদন করেন। পরবর্তীতে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এ ঘটনার মূল নেপথ্যে র্যাব-৭ এর গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামি গণেশের অবস্থান শনাক্ত করা হয় এবং গ্রেপ্তার করা হয়।
সূত্রঃ দৈনিক চট্টলার খবর

