এসএসসি ও এইচএসসিসহ সমমানের পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুত পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যেই আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে। এই সময়সীমার মধ্যে যেকোনো একটি দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুততম সময়ে পুনঃপরীক্ষা নিতে প্রস্তুতি রয়েছে জানিয়ে সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ডে বৈঠক হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকেও পরিকল্পনাটি তুলে ধরা হয়েছে।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, এসএসসি ও এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।
নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার জন্য পুরো একটি শিক্ষাবর্ষ অপেক্ষা করার প্রচলিত ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
সূত্রঃ এশিয়া পোস্ট
