গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিমতীরে পুনর্বাসনের আহ্বান জানিয়ে সমাবেশ করেছে ইসরাইলের অতি-ডানপন্থী একটি দল। সেখানে উপস্থিত হয়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন ইসরাইলি কয়েকজন মন্ত্রী।
সোমবার (২৯ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সরকারের বেশ কয়েকজন সদস্য গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিমতীরে পুনর্বাসনের আহ্বান জানিয়ে একটি অতি-ডানপন্থী সম্মেলনে যোগদান করেন। রোববার রাতে ডানপন্থী নাহালা সংস্থা আয়োজিত ‘সেটেলমেন্ট ব্রিংস সিকিউরিটি অ্যান্ড ভিক্টরি’ শীর্ষক সম্মেলন থেকে ওই আহ্বান জানানো হয়।
এদিকে, ৩৮ বছরের দখলদারিত্ব অবসানের পর ২০০৫ সালে গাজা উপত্যকা থেকে ইসরাইল সেনা ও বসতি প্রত্যাহার করে। এখন চলমান গাজা যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকাকে কে পরিচালনা করবে, তা নিয়ে বিতর্ক চলছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল স্থায়ী উপস্থিতি বজায় রাখতে চায় না। তবে জোর দিয়ে বলেছে, ইসরাইল একটি অনির্দিষ্ট সময়ের জন্য নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরাইলের আন্তর্জাতিক অংশীদাররা বলেছে, একটি দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র উপায় যা উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করবে।
সূত্র : আল জাজিরা
