ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন বাড়ানোর জন্য সৌদি আরব ও ভেনেজুয়েলার কাছে আবেদন করছে যুক্তরাষ্ট্র।
সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানায় ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক খবরের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই সৌদি আরবে সফর করবেন।
তবে হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছেন, এই ধরনের কোনো সফরের ঘোষণা এখনো হয়নি এবং ‘এই ধরনের তথ্য প্রাথমিক জল্পনা-কল্পনা।’
অপরদিকে ভেনিজুয়েলার ওপর থেকে মার্কিন তেল অবরোধ সরিয়ে নেয়ার বিষয়ে মার্কিন ও ভেনেজুয়েলিয়ান কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।
অনেক মার্কিন কংগ্রেস সদস্যরা রুশ জ্বালানি তেলের বদলে ভেনেজুয়েলা থেকে তেল আনার বিষয়ে পরামর্শ দিচ্ছেন।
রোববার মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে জানান, কংগ্রেস সদস্যরা রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য ‘শক্তিশালী আইনি ব্যবস্থাপনার সন্ধান’ করছে যারা মধ্যে রুশ তেল ও জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রে মোট আমদানি জ্বালানি তেলের মোট ১০ ভাগ রাশিয়া থেকে আসে।
সূত্র : বিবিসি
