বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ও দেশের ব্যবসার সুযোগ বাড়াতে বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাদের দেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের একটি দল হিসেবে একসঙ্গে কাজ করতে হবে। দেশকে ব্র্যান্ডিং করতে হবে, যা সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করবে।’ গতকাল বাংলাদেশে কার্যরত বিভিন্ন বহুজাতিক কোম্পানির এক ডজনেরও বেশি প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং কান্ট্রি হেড যমুনায় (যা প্রধান উপদেষ্টার প্রধান কার্যালয়) সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান ড. ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। সাক্ষাতে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম. ওয়াকার, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন আহমেদ, এসজিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আবদুর রশিদ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এইচ এম ফাইরোজ, কমার্শিয়াল ব্যাংক অব সিলনের সিইও নাজিথ মিউয়ানাগে, ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা ডওলা, মারুবেনি করপোরেশনের কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা, বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী, লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী, ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক এবং ম্যারিকো বাংলাদেশের কান্ট্রি হেড সুমিতাভ বসু।
বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যবসায়িক নেতারা সরকারের কাছে লাইসেন্সিং এবং কর সংক্রান্ত নীতিমালায় পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করা, ব্যবসা সহজ করার পরিবেশ তৈরি, বিডাতে ওয়ান-স্টপ সার্ভিস সুবিধা চালু করা এবং দেশের ক্রেডিট রেটিং উন্নত করার আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘সমস্যা এবং চ্যালেঞ্জ চিহ্নিত করতে আমাদের সাহায্য করুন। আমরা সেগুলো সমাধান করব।’
