মানুষ ভুল করে—এটাই মানবিক বাস্তবতা। কখনো আমরা এমন পথে হাঁটি, যা আমাদের হৃদয়কে করে তোলে ভারাক্রান্ত, আত্মাকে করে তোলে আহত। বাহ্যিক হাসির আড়ালে লুকিয়ে থাকে অপরাধবোধ, অনুশোচনা আর এক অদৃশ্য শূন্যতা। মনে হয়—হৃদয়ে যেন পাপের কাঁটা বিঁধে রক্ত ঝরছে। কিন্তু সুসংবাদ হলো— এই ক্ষত সারানোর জন্য আল্লাহ্ আমাদের একা ছেড়ে দেননি। তিনি নাজিল করেছেন এমন এক কিতাব, যার প্রতিটি আয়াত হৃদয়ের জন্য শিফা, আত্মার জন্য রহমত। সেই কিতাবই হলো পবিত্র কুরআন।
কুরআন: হৃদয়ের শিফা
যে হৃদয় পাপের কারণে অসুস্থ, কুরআনই তার ওষুধ। যে আত্মা ক্লান্ত, কুরআনই তার বিশ্রাম। আল্লাহ তাআলা বলেন—
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
‘আমি কুরআনে এমন বিষয় নাজিল করি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত।’ (সুরা বনি ইসরাঈল: আয়াত ৮২)
কুরআনের আলোতে হৃদয়ের চিকিৎসা
মানুষ যতই দুনিয়ার আরাম, সম্পর্ক বা সম্পদে শান্তি খুঁজুক—হৃদয়ের প্রকৃত প্রশান্তি কেবল আল্লাহর স্মরণেই নিহিত। আল্লাহ তাআলা বলেন—
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
‘জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।’ (সুরা আর-রাদ: আয়াত ২৮)
পাপ ও অনুশোচনার পরেও আছে আশা
আমরা যখন পাপে ডুবে যাই, তখন শয়তান আমাদের কানে ফিসফিস করে বলে— ‘তোমার আর ফেরার পথ নেই।’ কিন্তু আল্লাহ নিজেই সেই ধারণাকে ভেঙে দিয়েছেন এভাবে—
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ
‘হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।’ (সুরা যুমার: আয়াত ৫৩)
