জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাছাই পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর দ্বিতীয় পর্বের বাছাই অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জে। রবিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা সদর ঈদগাহে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও আল্লামা আজহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলার ৩৫টি মাদরাসা থেকে ২২১ জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশ নেন।
পাঁচ পারা, ১০ পারা, ২০ পারা, ৩০ পারা (অনূর্ধ্ব ১০ বছর) ও ৩০ পারা (অনূর্ধ্ব ১৮ বছর) এই পাঁচ দলে মোট ২২১ থেকে ৩১ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। এর মধ্যে ৩০ পারা (অনূর্ধ্ব ১৮ বছর) গ্রুপে সাতজন, ৩০ পারা (অনূর্ধ্ব ১০ বছর) গ্রুপে তিনজন, ২০ পারা গ্রুপে সাতজন, ১০ পারা গ্রুপে সাতজন ও পাঁচ পারা গ্রুপে সাতজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
বাছাই পর্বের বিচারক হিসেবে ছিলেন, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ ও হাফেজ মাওলানা আহমেদ উল্লাহ, সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা তৈয়বুর রহমান এবং সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
আল্লামা আজহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক এতে সভাপতিত্ব করেন। সংগঠনটির সহসভাপতি মাওলানা সাইফুল্লাহ তারেক ও সমাজকল্যাণ সম্পাদক মুফতি মাওলানা শরীফুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ও বিশিষ্ট সমাজসেবক মো. বোরহান উদ্দীন প্রমুখ।
