নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটির উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ঢাকা।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। ভয়াবহ এই পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
নেপালে শত শত মানুষ নিখোঁজ রয়েছে। পর্যটকসহ আরো অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি জানিয়েছে।
বন্যা ও ভূমিধসে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনরুদ্ধারও কামনা করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিহতদের জন্য আমরা গভীর সমবেদনা জানাই। নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’
এদিকে নেপালের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।’
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর মধ্যেই নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানাল বাংলাদেশ।
