ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর কালেক্টরেট কমপ্লেক্সের ভেতরে একটি ঐতিহাসিক মসজিদ ভেঙে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এ ঘটনায় বিরোধী নেতা ও মুসলিম রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে তীব্র সমালোচনা দেখা দিয়েছে।
শনিবার ভোর প্রায় ৫টার দিকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের মধ্যে মসজিদটি ভেঙে ফেলা হয়। এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি প্রশ্ন তুলেছেন, ভারতের সংবিধানে যে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা মুসলিমদের ক্ষেত্রেও এখনও প্রযোজ্য কি না।
ওয়াইসি বলেন, মসজিদ পরিচালনা কমিটির কাছে ১৯১১ সাল পর্যন্ত পুরোনো নথিপত্র রয়েছে। তার দাবি, সেখানে এক শতাব্দীরও বেশি সময় ধরে নিয়মিত নামাজ আদায় হয়ে আসছিল।
ভোরবেলায় মসজিদটি কেন ভেঙে ফেলা হলো, সে প্রশ্নও তুলেছেন ওয়াইসি। তার যুক্তি, বর্তমান কালেক্টরেট ভবন প্রতিষ্ঠার অনেক আগে থেকেই ওই স্থানে মসজিদটি ছিল।
কংগ্রেস নেতা আসিম ওয়াকার মসজিদটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল—প্রশাসনের এই দাবিকে চ্যালেঞ্জ করেছেন। তিনি সাহারানপুর জেলাজুড়ে সরকারি জমিতে নির্মিত হয়েছে বলে অভিযোগ থাকা সব ধর্মীয় স্থাপনার একটি তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।
মসজিদটি ভেঙে ফেলার ঘটনায় বিরোধী নেতাদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে মোদি সরকারের আমলে মুসলিমদের ধর্মীয় স্থাপনাগুলোর সঙ্গে আচরণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
