ফ্রান্সের ডানপন্থী রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য স্থানে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন দেশটির নারীরা। মুসলিম নারীদের প্রতি সংহতি জানাতে তারা নিজেরা হিজাব পরা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ডানপন্থী দল ন্যাশনাল র্যালি (RN) এমন নিষেধাজ্ঞা নিয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। এ পরিকল্পনার সমালোচনা ক্রমেই বাড়ছে। বিরোধীদের অভিযোগ, প্রস্তাবিত এই পদক্ষেপ মূলত মুসলিম নারীদের লক্ষ্য করে করা হচ্ছে এবং এটি বৈষম্যের শামিল।
অনলাইন প্রচারণায় অংশ নেওয়া নারীরা হিজাব পরা ছবি প্রকাশ করে লিখছেন, “হিজাব পরা আমাদের সব সহনাগরিকের প্রতি সমর্থনে” এবং “এই আইন পাস হলে আমি সঙ্গে সঙ্গে হিজাব পরব।”
আরএন-এর আইনপ্রণেতা জ্যাঁ-ফিলিপ তাঙ্গি একটি টেলিভিশন অনুষ্ঠানে মন্তব্য করার পর এই প্রচারণা শুরু হয়। তিনি বলেন, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার দল জয়ী হলে হিজাব পরা ব্যক্তিদের জরিমানা করা হবে।
