ভারতের উত্তরকাশীর একটি সুড়ঙ্গধসে ১২ দিন ধরে আটকা পড়ে আছে ৪১ শ্রমিক। ব্যাপক চেষ্টা সত্ত্বেও তাদেরকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এমনকি মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সের সহায়তা নিয়েও এখন পর্যন্ত সাফল্য আসেনি। বৃহস্পতিবার রাতে তিনি জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হতে আরো সময় লাগবে।
উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কয়ারায় ১২ নভেম্বর একটি নির্মাণাধীন টানেল ধসে ৪১ শ্রমিক আটকে পড়ে। বিশেষ ব্যবস্থায় তাদের কাছে খাবার পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেছেন, ‘আমরা আশা করেছিলাম গতকাল এরকম সময় (রাত সাড়ে ৯.১৫-৯.৩০) উদ্ধার হয়ে যাবে, আবার আজ সকালে ভেবেছি, ফের দুপুরে ভেবেছি উদ্ধার সম্ভব হবে। কিন্তু পাহাড়ের মর্জি খানিকটা আলাদা। মেশিন আপাতত বন্ধ রাখতে হয়েছে। কারণ মেশিনে কিছু মেরামতের প্রয়োজন পড়েছে। আমরা এবার পরবর্তী ধাপে এগোতে চলেছি যেখানে আমরা অন্য কোননো বিকল্পকে ধরে রেখেছি’।
এনডিএমআরেরর লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন বৃহস্পতিবার সকালেই বলেছিলেন, ‘এটা চ্যালেঞ্জিং কাজ। আগামী দু’ঘন্টার মধ্যে উদ্ধার কাজ করা হবে বলে প্রচার করা উদ্ধার কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে। এটা ভুল। এ অবস্থায় আটকে পড়া শ্রমিক ও উদ্ধারকারী দল উভয়েই ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের উভয়ের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরাখণ্ড সরকার জানিয়ে দেয়, উদ্ধারকাজে তাড়াহুড়া নয়। কোনোভাবেই কোনো ঝুঁকি না নিয়ে তাড়াহুড়া না করার নির্দেশ দেয়া হয়েছে। সতর্কতার কারণেই দেরি হতে পারে উদ্ধারকাজে।
সূত্র : নিউজ ১৮
