ইরানের সঙ্গে যুদ্ধই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির ‘আসল কারণ’, বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (৪ নভেম্বর) এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে ভ্যান্স লেখেন, ‘আমরা কেন হেরেছি, তার আসল কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমরা হেরেছি যুদ্ধের কারণে। প্রেসিডেন্ট নিজেও গত রাতে এ কথা বলেছেন।’ তাঁর প্রশ্ন, এই যুদ্ধের বিনিময়ে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো যদি কারও কাছে সার্থক মনে হয়, তিনি সেই যুক্তি তুলে ধরুন; কেউ একমত হোন বা না হোন, অন্তত সেটি হবে স্পষ্ট অবস্থান। তাঁর ভাষ্য, ভবিষ্যৎ নিয়ে যেকোনো স্পষ্ট আলোচনা শুরু করতে হবে এই বিষয়টি স্বীকার করার মধ্য দিয়ে।
ইরান যুদ্ধ নিয়ে দেশজুড়ে সমালোচনা তীব্র হওয়ায় ভ্যান্স এখন সংঘাতের দায় থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন বলে মনে করা হচ্ছে। অথচ এর আগে তেহরানের সঙ্গে সমঝোতার কূটনৈতিক প্রক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি, আর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনাও রয়েছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই এ নিয়ে ভ্যান্সের ব্যক্তিগত আপত্তি ছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
এর আগে মঙ্গলবার রিপাবলিকানদের ঐতিহাসিক পরাজয়ের পর প্রায় একই কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ওয়াল স্ট্রিট জার্নালকে টেলিফোন সাক্ষাৎকারে নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইরানও এর একটি অংশ ছিল।’ তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। ট্রাম্প বলেন, ‘আমি এটা নিয়ে ভাবি না। আমি সঠিক কাজটিই করেছি। আবারও একই সিদ্ধান্ত নিতাম।’
সূত্রঃ দ্য গার্ডিয়ান
