ধর্ম মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আহলে হাদীস মতাদর্শের শামীম কায়সার লিংকনকে দায়িত্ব দেওয়ায় গভীর অসন্তোষ, উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

গতকাল ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকনের শপথ গ্রহণের পর এক বিবৃতিতে তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব এমন একজন ব্যক্তির হাতে অর্পণ করা হয়েছে, যার ধর্মীয় মতাদর্শ নিয়ে দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের উদ্বেগ ও মতপার্থক্য রয়েছে। এমন একজন ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় আমরা গভীরভাবে অসন্তুষ্ট ও উদ্বিগ্ন। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় দেশের ধর্মীয় প্রতিষ্ঠান, আলেম-উলামা ও কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের দায়িত্বশীল পদে এমন ব্যক্তিকে রাখা উচিত, যিনি দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের আকিদা-বিশ্বাস, ধর্মীয় ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং সকলের কাছে গ্রহণযোগ্য।
আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, আমরা কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ পোষণ করি না; কিন্ত ধর্ম মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর একটি জায়গায় দায়িত্ব প্রদানের ক্ষেত্রে ব্যক্তির ধর্মীয় অবস্থান ও দেশের বৃহত্তর ধর্মীয় বাস্তবতাকে উপেক্ষা করা কোনোভাবেই কাম্য নয়। এই নিয়োগ দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করেছে, সরকারকে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, ধর্মীয় বিষয়ে সরকারের নীতিনির্ধারণে দেশের বিজ্ঞ আলেম-উলামা ও ধর্মীয় নেতৃত্বের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত ধর্মীয় অঙ্গনে অপ্রয়োজনীয় বিভাজন ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের পক্ষ থেকে তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানান এবং সরকারের প্রতি এ বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ জনগণের উদ্বেগের বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: একজন লা মাজহাবী ব্যক্তি কায়সার শামীম লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও মহাসচিব মাওলানা এম এ মতিন ও প্রিন্সিপাল স উ আব্দুস সামাদ। দপ্তর সচিব মুহাম্মদ আব্দুল হাকিমের স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর বিশাল সুন্নী কমিউনিটিকে উপেক্ষা করে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দেশের জন্য অশনিসংকেত বলে মনে করেন। প্রতিমন্ত্রীর মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী যাকে করা হয়েছে তিনি একজন কট্টোর লা-মাযহাবী এবং বিতর্কিত মতাদর্শ আহলে হাদীসের অনুসারী।
নেতৃদ্বয় আরও বলেন, একজন লা মাজহাবী ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে সরকার আত্মঘাতী সীদ্ধান্ত নিল। ইসলামের মূল দর্শনের ব্যাপারে প্রধানমন্ত্রীকে সতর্ক হতে হবে। শামীম কায়সার লিংকনকে এ দায়িত্ব দেওয়া মোটেই ঠিক হয়নি। শামীম কায়সার লিংকনের ব্যাপারে ইসলামের মৌলিক বিভিন্ন বিষয় নিয়ে যথেষ্ট বিতর্কিত কর্মকান্ড এর প্রমাণ রয়েছে। নেতৃদ্বয় অবিলম্বে বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের নিকট উদাত্ত আহবান জানান। না হয় এদেশে মূল শক্তি সুফিবাদী সুন্নী মুসলিমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
