ভূমিকা : প্রশংসা আল্লাহর জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর। মহান আল্লাহ মানবজাতি এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদত করার জন্য। তিনি সবার প্রতিপালক, সৃষ্টিকর্তা রিযিক্বদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা ও পালনকর্তা। তিনি সবার উপর করুণা করেন। তাই তো তাঁর করুণার শুকরিয়া আদায় আমাদের করতে হবে। কারণ, মানবজাতি একদিন না একদিন মৃত্যুবরণ করবেই, এতে কোনো সন্দেহ নেই।আর সূরা আন-নাবা মহাপ্রলয় সম্পর্কে সংবাদ দিচ্ছে যে, কিয়ামত সংঘটিত হওয়াতে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ মানবজাতির চলাফেরার জন্য যমীনকে করেছেন সমতল তথা বিছানাস্বরূপ, যাতে তাদের কোনো সমস্যা না হয়। এতে সৃষ্টি করেছেন পাহাড় এবং একে মযবূত করেছেন, যাতে ভেঙ্গে না যায়। মানবতার কল্যাণের জন্য তাদেরকে জোড়ায়-জোড়ায় সৃষ্টি করেছেন, যাতে স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন করে সন্তান-সন্ততি নিয়ে কল্যাণকর জীবনযাপন করতে পারে। তাদের জন্য সৃষ্টি করেছেন রাত্র, যাতে তারা ঘুমিয়ে ক্লান্তি দূর করতে পারে এবং আরাম-আয়েশ জীবনযাপন করতে পারে। তাদের জন্য দিনের ব্যবস্থা করেছেন, যাতে তারা রূযী-রোযগার উপার্জন করে নিরাপদে ঘরে ফিরতে পারে। তাদের জন্য আসমানকে বানিয়েছেন মযবূত। আর আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন, যাতে মানুষ চাষাবাদ করে শস্য ও ফলাদি উৎপাদন করতে পাবে এবং জীবজন্তুকে পান করতে পারে। এভাবেই তাঁর অবদানের কথা মানবজাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন। হঠাৎ একদিন শিংগায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না, তবে আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। বিধায়, হে বস্তুবাদীরা! মৃত্যুকে স্মরণ করো, সঠিক পথে ফিরে এসো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।
সূরা আন-নাবার হাদিয়াসমূহ নিম্নে আলোকপাত করা হলো :
১. কিয়ামত হবেই হবে : সূরা আন-নাবা মানবজাতিকে সংবাদ দিচ্ছে, কিয়ামত হবেই হবে। মহান আল্লাহ বলেন,
﴾عَمَّ يَتَسَاءَلُونَ – عَنِ النَّبَإِ الْعَظِيمِ – الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ – كَلَّا سَيَعْلَمُونَ – ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ﴿
‘এরা পরস্পর কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? তাদের জিজ্ঞাসা মহাপ্রলয় সম্পর্কে, যে বিষয়ে তারা একে অপরের সাথে মতবিরোধ করে। অচিরেই তারা সে বিষয় সম্পর্কে জানতে পারবে। অতঃপর অবশ্যই তারা অচিরেই সে বিষয় সম্পর্কে জানতে পারবে’ (আন-নাবা, ৭৮/১–৫)। যারা আল্লাহ ও তাঁর আয়াতসমূহ এবং পরকালকে অস্বীকার করে, তারাই কিয়ামত সম্পর্কে মতবিরোধ করে। অথচ কিয়ামত যে হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরও তারা তাতে অবিশ্বাস করে, যে পর্যন্ত না সরাসরি শাস্তি দেখে অথবা জাহান্নামে প্রবেশ করে।[1]
বর্তমানে মানুষ ধন-সম্পদ, প্রভাব-প্রতিপত্তি ও দুনিয়ার উপর্জন নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে। হঠাৎ একদিন সবকিছু শেষ হয়ে যাবে। মহান আল্লাহ বলেন,
﴾أَلْهَاكُمُ التَّكَاثُرُ – حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ – كَلَّا سَوْفَ تَعْلَمُونَ – ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ – كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ – لَتَرَوُنَّ الْجَحِيمَ – ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ – ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ﴿
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে; যে পর্যন্ত না তোমরা কবরে উপনীত হও। এটি সঙ্গত নয়, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। আবার বলি, এটি সঙ্গত নয়, তোমরা শীঘ্রই তা জানতে পারবে। সাবধান! তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতে না। অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। তোমরা এটা চাক্ষুষ প্রত্যয়ে দেখবে। এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে’ (আত-তাকাছুর, ১০২/১-৮)। বর্তমানে মানুষ অন্যায় কাজের প্রতিযোগিতা লিপ্ত আছে, কীভাবে মানুষকে ঠকানো যায়, অন্যায় পথে ধন-সম্পদ উপার্জন করা যায়, অন্যের জমি দখল করে নেওয়া যায়, নেতা সেজে অন্যায়ভাবে অন্যকে হত্যা করা যায়; টাকা-পয়সা, ধন-সম্পদ, গাড়ি-বাড়ি, ছেলে-মেয়ে নিয়ে কীভাবে অহংকার করা যায়, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে কী করে মানুষকে বঞ্চিত-অপমানিত করা যায়— এসব নিয়ে ব্যস্ত, তখনই হঠাৎ মালাকুল মাউত উপস্থিত হয়ে তার রূহ ক্ববয করে নিয়ে যান। এভাবেই হঠাৎ তাকে পরপারের জীবনে স্থানান্তরিত হতে হয়। এজন্যই পরকালকে বিশ্বাস এবং মৃত্যুকে স্মরণ করে আমলে ছালেহ করতে হবে; নচেৎ নাজাত মিলবে না।
অতএব, হে মানবজাতি! পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে আমলে ছালেহ-এর প্রতিযোগিতায় অবতীর্ণ হও; নচেৎ নিশ্চিতভাবে জেনে রেখো, অকৃতজ্ঞদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। সেখানে তারা চিরকাল থাকবে। হে আদমসন্তান! তোমাকে যে গাড়ি, বাড়ি, অঢেল সম্পদ, জমি-জায়গা ইত্যাদি নিয়ামত দেওয়া হয়েছে, তার জন্য তুমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করো। কীভাবে ধন-সম্পদ উপার্জন করেছ এবং কোন পথে তা ব্যয় করেছ ইত্যাদি সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। তোমার জাহান্নামে প্রবেশ করা সম্পর্কে যখন নিশ্চিতভাবে জানবে এমনকি স্বচক্ষে দেখবে, তখনই তোমার হুঁশ হবে, এর আগে নয়, তাই তো? হে মানবমণ্ডলী! তোমার অহংকার করার কিছুই নেই। সুতরাং কালবিলম্ব না করে আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করে ঈমানের উপর অটল থাকতে চেষ্টা করো। হে দুনিয়াসক্ত পথিক! আর কতদিন দুনিয়ার প্রতি মোহাগ্রস্ত থাকবে? কত সময় অন্যায় কাজে লিপ্ত থাকবে? এবার সময় হয়েছে তোমার মনকে অন্যায় থেকে থামিয়ে দাও। হে যুবসমাজ! অন্যায় থেকে নিজেকে বিরত রাখো; নচেৎ পরকালের ভয়াবহতা থেকে রেহাই পাবে না। হে দেশের নেতৃবর্গ! নিজের, মানবতার, মুসলিমজাতির এবং দেশবাসী সকলের কল্যাণে আত্মনিয়োগ করো; নচেৎ মুক্তির কোনো উপায় পাবে না। ফেরাউনের কথা একবার স্মরণ করো। সে যাবতীয় অন্যায়ে এমনভাবে লিপ্ত ছিল যে, নিজেকে প্রভু দাবি করত পিছপা করেনি। মহান আল্লাহ তাঁর সম্পর্কে বলেন, ﴾فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى﴿ ‘অতঃপর সে বলল, আমিই তোমাদের সর্বোচ্চ প্রতিপালক’ (আন-নাযিআত, ৭৯/২৪)।
হে মানবমণ্ডলী! হে নেতৃবর্গ! মূসা (আলাইহিস সালাম) এবং ফেরাউনের ইতিহাস খুব বেশি স্মরণ করো, যখন মূসা ও তার অনুসারীদের মহান আল্লাহ বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। মাহান আল্লাহ বলেন,
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ ﴿
﴾آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ – فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ
‘আর আমি বনূ ইসরাঈলকে সমুদ্র পার করে দিলাম। অতঃপর সীমালঙ্ঘন ও অত্যাচারের বশবর্তী হয়ে ফেরাউন ও তার সৈন্যদল বনী ইসরাঈলদের পশ্চাদ্ধাবন করল, এমনকি যখন জলমগ্ন হওয়ার উপক্রম হলো, তখন সে বলল, আমি বিশ্বাস স্থাপন (ঈমান আনলাম) করলাম যে, তিনি ব্যতীত কোনো সত্য মাবূদ নেই যার প্রতি বনূ ইসলাঈল ঈমান এনেছিল, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হলাম। (আল্লাহ বললেন,) তুমি এখন ঈমান আনছ? অথচ ইতোপূর্বে অবাধ্যাচরণ করেছিলে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব, আমি আজ বাঁচিয়ে দিচ্ছি তোমার দেহকে, যেন তুমি তোমার পরবর্তী লোকদের জন্যে উপদেশ গ্রহণের উপকরণ হয়ে থাকো। আর প্রকৃতপক্ষে বেশির ভাগ মানুষেই আমার উপদেশাবলি হতে উদাসীন থাকে’ (ইউনুস, ১০/৯০–৯২)।
হে মানবজাতি! কারুনের কথা স্মরণ করো। মহান আল্লাহ কারুণ সম্পর্কে বলেন,
﴾إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ﴿
‘কারুন ছিল মূসা (আলাইহিস সালাম)-এর সম্প্রদায়ভুক্ত। কিন্তু সে তাদের প্রতি ঔদ্ধত্য প্রদর্শন করেছিল। আমি তাকে এমন ধনভান্ডার দান করেছিলাম, যার চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। (স্মরণ করো, যখন) তার সম্প্রদায় তাকে বলেছিল, দম্ভ করো না। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না’ (আল-ক্বাছাছ, ২৮/৭৬)। মহান আল্লাহ আরো বলেন, ‘আল্লাহ তোমাদের যা দিয়েছেন, তার দ্বারা পরকালের গৃহ অনুসন্ধান করো, আর দুনিয়ায় তোমার অংশ ভুলে যেয়ো না। তুমি অনুগ্রহ করো, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে প্রয়াসী না। নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। সে বলল, আমি এই সম্পদ আমার নিজস্ব জ্ঞানগরিমা দ্বারা প্রাপ্ত হয়েছি। সে কি জানত না যে, আল্লাহ তাআলা তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন, যারা শক্তিতে ছিল তার চাইতে প্রবল এবং ধন-সম্পদে অধিক প্রাচুর্যশীল? অপরাধীদেরকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। (তারা বিনা হিসাবেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে)। অতঃপর কারুন জাঁকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে উপস্থিত হলো। যারা পার্থিব জীবন কামনা করত, তারা বলল, হায়! কারুন যা প্রাপ্ত হয়েছে, আমাদেরকেও যদি তা দেওয়া হতো! প্রকৃতপক্ষে সে মহাভাগ্যবান। আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল, তারা বলল, ধিক! তোমাদেরকে, যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য আল্লাহর দেওয়া ছওয়াবই উৎকৃষ্ট। ধৈর্যশীল ব্যতীত এটা কেউ পায় না। অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোনো দল ছিল না, যারা তাকে সাহায্য করতে পারে এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। গতকাল যারা তার মতো হওয়ার বাসনা প্রকাশ করেছিল, তারা প্রত্যুষে বলতে লাগল, দেখলে তো, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা তার রিযিক্ব বর্ধিত করেন ও হ্রাস করেন। আল্লাহ যদি আমাদের প্রতি সদয় না হতেন, তবে আমাদেরও ভূগর্ভে বিলীন করে দিতেন। দেখলে তো! কাফেররা সফলকাম হবে না। এটা আখেরাতের আবাস, যা আমি নির্ধারণ করি তাদের জন্য, যারা পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ করতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। শুভ পরিণাম মুত্তাক্বীদের জন্য’ (আল-ক্বাছাছ, ২৮/৭৭–৮৩)।
হে ক্ষমতাধরগণ! যারা অন্যায়ভাবে মানুষের ধন-সম্পদ লুটপাট করছ, তাদেরকে লাঞ্ছিত করছ, অপমানিত করছ, সমপত্তির জবরদখল করছ, যেনা-ব্যভিচারে লিপ্ত আছ, জুয়া ও মদপানে মত্ত আছ, মাজারপূজা ও ব্যবসায় বিভোর আছ- একবার চিন্তা করো ফেরাউন ও কারুনের কথা, তোমার বর্তমান অবস্থা তুলনা করো তাদের সাথে। যদি সত্যি এটি করতে পার, তবে আশা করা যায় হুঁশ ফিরে আসবে।
হে অহংকারী! আল্লাহর আয়াত অস্বীকারকারী, নাস্তিক, কিয়ামতে অবিশ্বাসী! মৃত্যু একদিন আসবেই। সেদিন মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর ওয়াদা সত্য। মহান আল্লাহ বলেন,
وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ – قُلْ لَكُمْ مِيعَادُ يَوْمٍ لَا تَسْتَأْخِرُونَ عَنْهُ سَاعَةً وَلَا تَسْتَقْدِمُونَ – وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَنْ نُؤْمِنَ بِهَذَا الْقُرْآنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ مَوْقُوفُونَ عِنْدَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ الْقَوْلَ يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا أَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ – قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا لِلَّذِينَ اسْتُضْعِفُوا أَنَحْنُ صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَى بَعْدَ إِذْ جَاءَكُمْ بَلْ كُنْتُمْ مُجْرِمِينَ – وَقَالَ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا بَلْ مَكْرُ اللَّيْلِ وَالنَّهَارِ إِذْ تَأْمُرُونَنَا أَنْ نَكْفُرَ بِاللَّهِ وَنَجْعَلَ لَهُ أَنْدَادًا وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَجَعَلْنَا الْأَغْلَالَ فِي أَعْنَاقِ الَّذِينَ كَفَرُوا هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ
‘তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও, তবে বলো, এ (কিয়ামতের) প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? হে নবী! আপনি বলুন, তোমাদের জন্য একটি (নির্ধারিত) দিনের ওয়াদা রয়েছে, যা থেকে তোমরা এক মুহূর্তও বিলম্বিত হতে পারবে না এবং এক মুহূর্তও এগিয়ে আসতে পারবে না। কাফেররা বলে, আমরা কখনোও এ কুরআনে বিশ্বাস করব না এবং এর পূর্ববর্তী কিতাবেও নয়। আপনি যদি পাপিষ্ঠদেরকে দেখতেন, যখন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে, তখন তারা পরস্পর বাদানুবাদ করবে। যাদেরকে দুর্বল মনে করা হতো, তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। অহংকারীরা দুর্বলদেরকে বলবে, তোমাদের নিকট হেদায়াত আসার পর আমরা কি তোমাদেরকে বাধা প্রদান করেছিলাম? বরং তোমরাই তো ছিলে অপরাধী। দুর্বলরা অহংকারীদেরকে বলবে, (প্রকৃতপক্ষে) তোমরাই তো দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তাঁর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করি। তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে, তখন মনের অনুতাপ মনেই রাখবে। বস্তুত আমি কাফেরদের গলায় বেড়ী পরাবো। তারা সে প্রতিফলই পেয়ে থাকে যা তারা করত’ (সাবা, ৩৪/২৯–৩৩)।
হে কবরপূজারি! যারা মাজারব্যাবসা করে অবৈধ সম্পদ দিয়ে আপন পেট ভর্তি করছ, মানুষের ঈমান লুণ্ঠন করে তাদেরকে পথভ্রষ্ট করছ। মৃত্যু, কবরের শাস্তি, হাশরের ময়দানের বিচার ইত্যাদির কথা বারবার চিন্তা করো। হে মুরিদান! যারা মনে কর পীর না ধরলে জান্নাতে যাওযা যাবে না। সেই দিন তোমাদের পীর কোথায় যাবে? তাদের আর তোমাদের কী অবস্থা হবে? একবার ভেবে দেখো। হে আল্লাহকে অস্বীকারকারী নাস্তিকদের দল! মৃত্যুর ভয়াবহতা এবং মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে একবার ভেবে দেখ। তোমাদের ভয় হয় না? সেই দিন প্রতেক মানুষের সকল কর্মকাণ্ডের প্রামাণ্য চিত্র প্রকাশ করা হবে। মহান আল্লাহ বলেন,
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا – وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا – وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا – يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا – بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا – يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ – فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ – وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
‘পৃথিবী যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে। যখন সে তার অভ্যন্তরের বোঝাসমূহ বের করে দিবে। এবং মানুষ বলবে, এর কী হলো? সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পারে এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে’ (যিলযাল, ৯৯/১–৮)।
হে নেতৃবর্গ! স্মরণ করো সেই সময়ের কথা, যখন তোমাদের সকল ক্ষমতা বিনাশ হয়ে যাবে। মহান আল্লাহ বলেন,
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ – وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ – يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ – مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ – هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ – خُذُوهُ فَغُلُّوهُ – ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ – ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ – إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ – وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ – فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ – وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ – لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ
‘যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো! আমি যদি না জানতাম আমার হিসাব! হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হতো! আমার ধন-সম্পদ আমার কোনো উপকারে আসলো না। আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদেরকে বলা হবে, একে ধরো, তার গলায় বেড়ি পরিয়ে দাও। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। অতঃপর তাকে ৭০ গজ দীর্ঘ এক শিকলে শৃঙ্খলিত করো। কেননা সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করত না। অতএব, আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। এবং ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত কোনো খাদ্য নাই আর অপরাধী ব্যতীত কেউ এটা ভক্ষণ করবে না’ (আল-হাককা, ৬৯/২৫-৩৭)।
হে মানবজাতি! পরকালে কেউ কারো উপকার করতে পারবে না, বিধায় অন্যায় থেকে নিজেকে রক্ষা করো। মহান আল্লাহ বলেন,
وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا – يُبَصَّرُونَهُمْ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ – وَصَاحِبَتِهِ وَأَخِيهِ – وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ – وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ – كَلَّا إِنَّهَا لَظَى – نَزَّاعَةً لِلشَّوَى – تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّى – وَجَمَعَ فَأَوْعَى
‘আর (সে দিন) কোনো বন্ধু কোনো বন্ধুর খবর নেবে না। যদিও তারা একে অপরেকে দেখতে পাবে। সে দিন গোনাহগার ব্যক্তি আযাবের মুক্তিপণস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততি, স্ত্রী, ভাই ও জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত। আর পৃথিবীর সবকিছুকে দিতে চাইবে, যাতে এই মুক্তিপণ তাকে রক্ষা করে। কখনোই নয়, নিশ্চয় এটা লেলিহান অগ্নি, যা চামড়া তুলে দিবে। জাহান্নাম ঐ ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল। সম্পদ পুঞ্জিভূত করেছিল অতঃপর আগলিয়ে রেখেছিল’ (আল-মাআরিজ, ৭০/১০–১৮)। আল্লাহ তাআলা আরও বলেন,
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ – يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ – وَأُمِّهِ وَأَبِيهِ – وَصَاحِبَتِهِ وَبَنِيهِ – لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ – وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ -ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ – وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ – تَرْهَقُهَا قَتَرَةٌ – أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
‘অতঃপর যেদিন কর্ণ বিদারক বিকট ধ্বনি আসবে। সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে, তার মাতা, তার পিতা, তার স্ত্রী ও তার সন্তানদের কাছ থেকে। সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল, সহাস্য ও প্রফুল্ল। এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে ধুলায় ধূসরিত। তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে। তারাই কাফের পাপিষ্ঠের দল’ (আবাসা, ৮০/৩৩–৪২)।
ইচ্ছামতো চললে পরকালে কল্যাণ পাওয়া যাবে না। প্রবৃত্তির অনুসারী যারা হবে, জাহান্নাম হবে তাদের বাসস্থান। কারণ জাহান্নাম কু-প্রবৃত্তি আর লোভ-লালসা দ্বারা ঘেরা। আনাস (রাযিয়াল্লা-হু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ وَحُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ ‘দুঃখ-কষ্ট দ্বারা ঘেরা জান্নাত আর জাহান্নাম কু-প্রবৃত্তি ও লোভ-লালসা দ্বারা ঘেরা’।[1] স্বৈরাচারী, অত্যাচারী, অহংকারী ও কু-প্রবৃত্তির আনুসারীদের জন্যই জাহান্নাম তৈরি করা হয়েছে। আবূ হুরায়রা (রাযিয়াল্লা-হু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
احْتَجَّتِ الْجَنَّةُ وَالنَّارُ فَقَالَتِ الْجَنَّةُ يَدْخُلُنِى الضُّعَفَاءُ وَالْمَسَاكِينُ وَقَالَتِ النَّارُ يَدْخُلُنِى الْجَبَّارُونَ وَالْمُتَكَبِّرُونَ فَقَالَ لِلنَّارِ أَنْتِ عَذَابِى أَنْتَقِمُ بِكِ مِمَّنْ شِئْتُ وَقَالَ لِلْجَنَّةِ أَنْتِ رَحْمَتِى أَرْحَمُ بِكِ مَنْ شِئْتُ
‘জান্নাত ও জাহান্নামের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হলো। জান্নাত বলল, ফক্বীর, মিসকীন ও দুর্বল ব্যক্তিরা আমার মধ্যে প্রবেশ করবে। জাহান্নাম বলল, স্বৈরাচারী, ক্ষমতাধর ও অহংকারীরা আমার মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা জাহান্নামকে বললেন, তুমি আমার আযাব, আমি তোমার দ্বারা যার থেকে ইচ্ছা প্রতিশোধ গ্রহণ করব। তিনি জান্নাতকে বললেন, তুমি আমার রহমত, আমি তোমার দ্বারা যাকে ইচ্ছা দয়া করব’।[2] আবূ হুরায়রা (রাযিয়াল্লা-হু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,
يَخْرُجُ عُنُقٌ مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ لَهُ عَيْنَانِ تُبْصِرَانِ وَأُذُنَانِ تَسْمَعَانِ وَلِسَانٌ يَنْطِقُ يَقُولُ إِنِّى وُكِّلْتُ بِثَلاَثَةٍ بِكُلِّ جَبَّارٍ عَنِيدٍ وَبِكُلِّ مَنْ دَعَا مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَبِالْمُصَوِّرِينَ
‘কিয়ামত দিবসে জাহান্নাম হতে একটি গর্দান (মাথা) বের হবে। এর দুইটি চোখ থাকবে, যা দিয়ে সে দেখবে, দুটি কান থাকবে, যা দিয়ে সে শুনবে এবং একটি জিহ্বা থাকবে, যা দিয়ে সে কথা বলবে। সে বলবে, তিন ধরনের লোকের জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে— (১) প্রতিটি অবাধ্য অহংকারী যালিমের জন্য, (২) আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে যে ব্যক্তি ইলাহ বলে ডাকে, তার জন্য এবং (৩) ছবি নির্মাতার জন্য’।[3]
[1]. ছহীহ মুসলিম, হা/২৮২২; সুনানে তিরমিযী, হা/২৫৫৯।
[2]. সুনানে তিরমিযী, হা/২৫৬১, সনদ হাসান।
[3]. সুনানে তিরমিযী, হা/২৫৭৪, ছহীহ।
হে মানবজাতি! মৃত্যুর পরবর্তী জীবনের ভয়াবহতাকে ভয় করো। নাস্তিক্যবাদ, অত্যাচার, অবিচার নির্যাতন বর্জন কর। হঠাৎ কিয়ামতের আগমন ঘটলে, তা থেকে পলায়নও তোমার পক্ষে সম্ভব হবে না। জাহান্নামের ভয়াবহতাকে তোমার স্মৃতিপটে স্থান দাও। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
إِنَّ غِلَظَ جِلْدِ الْكَافِرِ اثْنَانِ وَأَرْبَعُونَ ذِرَاعًا وَإِنَّ ضِرْسَهُ مِثْلُ أُحُدٍ وَإِنَّ مَجْلِسَهُ مِنْ جَهَنَّمَ كَمَا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ
‘জাহান্নামে কাফেরের গায়ের চামড়া পুরুত্ব হবে ৪২ গজ, তার মাড়ির দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড় এবং মক্কা-মদীনার দূরত্বের সমান বিস্তৃত হবে তার বসার জায়গা (নিতম্বদেশ)’।[1]
হে মানবজাতি! অন্যায় কাজ ত্যাগ করে আমলে ছালেহ সম্পাদনে ব্রতী হও। কেননা, সৎকর্ম ছাড়া পরকালে তোমাকে কেউই মুক্তি দিতে পারবে না। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
يَا مَعْشَرَ قُرَيْشٍ أَوْ كَلِمَةً نَحْوَهَا اشْتَرُوا أَنْفُسَكُمْ لاَ أُغْنِى عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا يَا بَنِى عَبْدِ مَنَافٍ لاَ أُغْنِى عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لاَ أُغْنِى عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لاَ أُغْنِى عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِى مَا شِئْتِ مِنْ مَالِى لاَ أُغْنِى عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا
‘হে কুরাইশ সম্প্রদায়! তোমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হও। আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য কোনো উপকারে আসব না। হে আব্বাস ইবনু আব্দিল মুত্তালিব! আমি আল্লাহর নিকট তোমার কোনো উপকার করতে পারব না। হে আল্লাহর রাসূলের ফুফী ছাফিয়্যা! আমি আল্লাহর নিকট তোমার কোনো উপকার করতে পারব না। হে মুহাম্মাদ এর কন্যা ফাতেমা! আমার সম্পদ থেকে যা খুশি চাও, আমি আল্লাহর দরবারে তোমার কোনো উপকারে আসব না’।[2]
আল্লাহর আযাব থেকে কেউ কাউকে রক্ষা করতে পারবে না। তাই হে মানবজাতি! নিজেকে, নিজের পরিবারকে পরকালীন জীবনের কঠিন শাস্তি থেকে রক্ষা করতে আমলে ছালেহ করো। নাস্তিক্যবাদ, যুলম ও অন্যায় কর্ম পরিত্যাগ করো। মৃত্যু এবং পরকালের ভয়াবহ পরিণামকে স্মরণ করো। আপন কল্যাণে আত্মনিয়োগ করো। সূরা আন-নাবার প্রথম অংশে এ শিক্ষার কথাই বলা হয়েছে। পরকাল ও তাওহীদে বিশ্বাস করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করো। কেননা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা মুমিন-মুসলিমের একমাত্র দায়িত্ব।
২. মহান আল্লাহ যমীনকে বিছানাস্বরূপ বানিয়েছেন : মানুষের আরামে-আয়েশ, আনন্দময় গমনাগমন ও জীবিকা উপার্জনের জন্য মহান আল্লাহ যমীনকে বিছানাস্বরূপ করেছেন। তারা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে। নিজেকে পরকালের শাস্তি থেকে রক্ষা করতে পারে। পারে কুফরী থেকে বাঁচাতে। মহান আল্লাহ বলেন,
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا – وَالْجِبَالَ أَوْتَادًا
‘আমি কি করিনি পৃথিবীকে বিছানা এবং পর্বতমালাকে পেরেক?’ (আন-নাবা, ৭৮/৬–৭)। দুনিয়ার সবকিছু মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ বলেন,
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ – الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ
‘হে মানবমণ্ডলী! তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায়, তোমরা পরহেযগারী অর্জন করতে পারবে। যিনি তোমাদের জন্যে যমীনকে শয্যা ও আকাশকে ছাদস্বরূপ করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। অতঃপর তা দ্বারা তোমাদের জীবিকাস্বরূপ ফল-ফসল উৎপাদন করেছেন। অতএব, তোমরা জেনেশুনে আল্লাহর সাথে কাউকে শরীক করো না’ (আল-বাক্বারা, ২/২১–২২)।
হে বস্তুবাদী, হে নাস্তিক্যবাদী, হে যালিম! যারা অন্যায়-অপকর্ম করে যাচ্ছ, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, অতিশীঘ্রই ইসলামের ছায়াতলে প্রবেশ করো। নতুবা পরকালের শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না। আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করছ, অথচ তাঁর শুকরিয়া আদায় করছ না। তোমার চোখের কথা চিন্তা করো, যার চোখ নেই তাকে দেখে। তোমার হাতের কথা চিন্তা করো, যার হাত নেই তাকে দেখে। তোমার পায়ের কথা চিন্তা করো, যার পা নেই তাকে দেখে। তোমার গাড়ি-বাড়ির কথা চিন্তা করো, তোমার পাশেই রাস্তায় পড়ে থাকা সেই অভুক্ত গরীব মানুষটি দেখো, যে দিনের পর দিন অনাহারে দিনাতিপাত করছে এবং এক মুষ্টি ভাতের জন্য কাতরাচ্ছে। অথচ তুমি তিন বেলা ভালো ভালো খাচ্ছ। এত কিছু পাওয়ার পরও কি আল্লাহর শুকরিয়া আদায় করবে না। ধিক! তোমার জন্য।
হে যুবসমাজ! তোমার সময় এমনিতেই হেলায় কাটিয়ে দিয়ো না; আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাও। সূরা আন-নাবা এবং বাক্বারার আয়াতদ্বয় আমাদেরকে শিক্ষা দেয় যে, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিযিক্বদাতা, জীবনদাতা কল্যাণ-অকল্যাণ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। বিধায়, আমাদের সকল ইবাদত-বন্দেগী একমাত্র সত্য মা‘বূদের জন্য হতে হবে। অন্য কাউকেও এর সাথে অংশীদার করা যাবে না। তাঁকে ডাকতে হবে তাঁর গুণবাচক নামে। যদি তা না করতে পারি, তাহলে আল্লাহর যমীনে আমাদের থাকার কোনো অধিকার নেই। কারণ আমাদের বেঁচে থাকার জন্য মহান আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, তা দ্বারা ফল-ফসল উৎপন্ন করেন। আমাদের কল্যাণের জন্য, আমাদের খাবারের জন্য, কতই না পশু-পাখি আর জীবজন্তু সৃষ্টি করেছেন। ধরা যাক, গাভি— আমরা গাভির দুধ পান করি, আবার মজা করে তার গোশত খাই। আমাদের তিনি এই পশু-পাখি দান করেছেন, যাতে খাবার পর তাঁর শুকরিয়া আদায় করি, ইবাদত করতে পারি ও ভালোভাবে জীবন ধারণ করতে পারি। স্মরণ করুন মহান আল্লাহর কথা, ‘তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন। এতে তোমাদের জন্য শীত বস্ত্রের উপকরণ রয়েছে আর রয়েছে বহু উপকারিতা এবং এর কিছু সংখ্যককে তোমরা আহারে পরিণত করে থাকো। বিকেলে যখন তোমরা এদের চারণভূমি হতে নিয়ে আস এবং সকালে যখন এদের চারণভূমিতে নিয়ে যাও, তখন তোমরা এদের সৌন্দর্য উপভোগ করো। এরা তোমাদের বোঝা এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায়, যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছতে পারতে না। নিশ্চয় তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়াদ্র, পরম দয়ালু। তোমাদের আরোহণ এবং শোভার জন্য তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করবেন এমন অনেক কিছু যা তোমরা অবগত নও। সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে, কিন্তু পথগুলোর মধ্যে কিছু বক্র পথও আছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎপথে পরিচালিত করতে পারতেন। তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। এই পানি থেকে তোমরা পান করো এবং এ থেকেই উদ্ভিদ জন্মায়, যাতে তোমরা পশু চারণ করো। এ পানি দ্বারা তিনি তোমাদের জন্য উৎপাদন করেন ফসল, যায়তুন, খেজুর বৃক্ষ, আঙ্গুর ও সর্বপ্রকার ফল। নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শন রয়েছে। তিনিই আমাদের কাজে নিয়োজিত করেছেন রাত্রি, দিন, সূর্য এবং চন্দ্রকে। নক্ষত্ররাজিও তাঁরই নির্দেশে কর্মে নিয়োজিত রয়েছে। নিশ্চয় এতে বোধশক্তিসম্পন্নদের জন্যে নিদর্শনাবলি রয়েছে। তোমাদের জন্যে পৃথিবীতে রং-বেরঙের যা কিছু সৃষ্টি করা হয়েছে, সেগুলোতে নিদর্শন রয়েছে তাদের জন্যে, যারা চিন্তা-ভাবনা করে। তিনিই কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে, যাতে তা থেকে তোমরা তাজা মাংস আহার করতে পারো এবং তা থেকে আহরণ করতে পরিধেয় অলংকার। তুমি তাতে জলযানসমূহকে পানি চিরে চলতে দেখবে। যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে অনুগ্রহ স্বীকার করো। তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে-দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরি করেছেন, যাতে তোমরা পথ প্রদর্শিত হও। আর পথ নির্ণয়ক বহু চিহ্ন সৃষ্টি করেছেন, এবং নক্ষত্রের সাহায্যেও মানুষ পথ নির্দেশনা পায়। সুতরাং যিনি সৃষ্টি করে, তিনি কি সে লোকের সমতুল্য, যে সৃষ্টি করতে পারে না? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো, শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু’ (আন-নাহল, ১৬/৫–১৮)।
হে মানবজাতি! উল্লিখিত আয়াতগুলোতে আল্লাহর নিদর্শন ও অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের জন্যই এসব কিছু সৃষ্টি করেছেন, যাতে মানুষ কৃতজ্ঞ হয়। তার ইবাদত, চাওয়া-পাওয়া, ভয়-ভীতি, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন-কল্পনা সবই যেন আল্লাহর উদ্দেশ্যে হয়।
[1]. সুনানে তিরমিযী, হা/২৫৭৭, ছহীহ।
[2]. ছহীহ বুখারী, হা/২৭৫৩।
