ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জাজান তেল শোধনাগার এবং দেশটির দক্ষিণাঞ্চলের দুটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে তারা। সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে শনিবার এ হামলার কথা জানায় ইরান-সমর্থিত গোষ্ঠীটি। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।
হামলার দাবি করলেও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হুথিরা। এদিকে, হুথিদের সর্বশেষ হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পক্ষ থেকেও কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে হুথিদের নতুন করে সংঘাত শুরু হওয়ার পর দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর দাবি করে আসছে গোষ্ঠীটি।
এর আগে গত ২৬ নভেম্বর সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, জাজান তেল শোধনাগারে হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সাময়িকভাবে শোধনাগারটির কয়েকটি কার্যক্রম বন্ধ রাখতে হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই হামলায় নেপালের এক কর্মী নিহত হন এবং আরো কয়েকজন আহত হন।
সূত্র: জিও নিউজ
