আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের ৫৫ আইএস সদস্য আত্মসমর্পণ করেছে। শনিবার তালেবান কর্তৃপক্ষ এসব তথ্য জানান।
আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে এক তালেবান গোয়েন্দা কর্মকর্তা জানান, আইএসের সাথে সংশ্লিষ্ট ৫৫ উগ্রবাদী তাদের অস্ত্র সমর্পণ করেছে।
ওই কর্মকর্তা আরো বলেন, আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির প্রধান ডাক্তার বশির শর্ত সাপেক্ষে এসব আইএস সদস্যকে ক্ষমা করেছেন। আফগান উপজাতীয় নেতাদের মধ্যস্থতায় এসব আইএস যোদ্ধা আত্মসমর্পন করে। এর আগে তারা নানগারহার প্রদেশের কোট, স্পিন ঘর ও অচিন জেলায় বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছিল।
তালেবান কর্তৃপক্ষের গোয়েন্দা প্রধান এক বিবৃতিতে বলেছেন, যদি এ সাবেক আইএস সদস্যরা চুক্তি বা শর্ত ভাঙে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, আত্মসমর্পন করা ওই সাবেক আইএস সদস্যরা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত। সাবেক আইএস সদস্যরা শপথ করেছে যে তারা আফগান কর্তৃপক্ষের অনুগত থাকবে।
এ সপ্তাহের শেষের দিকে এ নানগারহার প্রদেশে ৬৫ উগ্রবাদী আত্মসমর্পন করেছে।
সূত্র : ইয়েনি শাফাক
