দ্রুজ নেতা ও লেবাননের প্রগ্রেসিভ সোস্যালিস্ট পার্টির প্রধান ওয়ালিদ জুমলাত বলেন, ইয়েমেনের প্রক্সিযুদ্ধকে নেতৃত্ব দিচ্ছে হিজবুল্লাহ। কিন্তু, তারা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে লেবানিজ ব্যক্তিদের স্বার্থের কথা ভাবছে না। মঙ্গলবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
রাশিয়ার আরটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে ওয়ালিদ জুমলাত বলেন, লেবানন দশকের পর দশক ধরে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে আবদ্ধ। এ উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোতে লাখ লাখ লেবানিজ বাস করেন এবং কাজ করেন। তারা লেবাননে অর্থ (রেমিটেন্স) পাঠান। তারা এখন কোথায় যাবেন?
তিনি বলেন, আমরা আমাদের দেশে অন্য দেশের যুদ্ধের বোঝা টেনে আনতে পারি না। তিনি লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহিকে তার মন্তব্যের জন্য পদত্যাগের আহ্বান জানান।
এর আগে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি বলেছেন, বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের দেশকে রক্ষা করার জন্য হাউছিরা লড়াই করছে। তিনি এখানে বিদেশী আগ্রাসন বলতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকে বুঝিয়েছেন।
লেবাননের তথ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর বিভিন্ন উপসাগরীয় দেশ, যেমন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। এছাড়া ওই দেশগুলো লেবাননের সাথেও সম্পর্ক ছিন্ন করেছে
এদিকে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির মন্তব্যকে সমর্থন করেছে হিজবুল্লাহ।
দ্রুজ নেতা ওয়ালিদ জুমলাত স্পষ্ট করে বলেন যে লেবাননের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে হিজবুল্লাহ। তিনি লেবাননের সরকারকে আহ্বান জানান হিজবুল্লাহর এমন চাপ থেকে মুক্ত থাকতে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
