Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএকের পর এক ভোররাতের আগুনে সন্দেহ, সঠিক তদন্তের দাবি

একের পর এক ভোররাতের আগুনে সন্দেহ, সঠিক তদন্তের দাবি

ঈদের আগে রাজধানীর দুটি বড় মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে প্রায় একই সময়ে, ভোররাতের দিকে। অনেক মার্কেটে রাতেও আগুন লেগেছে। আসন্ন ঈদে আনন্দের বিপরীতে আগুনে নিঃস্ব হয়েছেন অনেক ব্যবসায়ী। ব্যবসার মূলধন হারিয়ে পরিবার-পরিজনসহ পথে বসেছেন তাঁরা।

গত ৪ এপ্রিল বঙ্গবাজারে আগুন লাগে ভোর ৬টা ১০ মিনিটের দিকে। গত ১৩ এপ্রিল পুরান ঢাকার নবাবপুরে একটি গুদামে আগুন লাগে রাত ১০টা ৮ মিনিটে। গতকাল ১৫ এপ্রিল রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুন লাগে ভোর ৫টা ৪০ মিনিটে। রাতে বা ভোররাতে এ ধরনের অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। এই অগ্নিকাণ্ড অসতর্কতার জন্য, নাকি অন্য কোনো কারণ রয়েছে—এই প্রশ্নের জবাব পেতে চাইছে অনেকে।

গতকাল নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ীও বলেছেন, তাঁদের সন্দেহ কেউ আগুন লাগিয়ে দিয়েছে। বিভিন্ন মার্কেটে ধারাবাহিক আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া অগ্নিকাণ্ডের নেপথ্যে বিএনপি-জামায়াতের কোনো যোগসূত্র আছে কি না, সেটাও খতিয়ে দেখার জন্য বলেছেন তিনি। গতকাল সকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কি না, তা-ও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না, তা খতিয়ে দেখতে হবে। সবাইকে আরো বেশি সচেতন থাকতে হবে। সবার নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, একটি সুনির্দিষ্ট সময়ে বারবার অগ্নিকাণ্ড নাশকতা কি না, তা খতিয়ে দেখা হবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ। কোনো নাশকতার ঘটনা থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সকালে নিউ মার্কেট এলাকায় আগুন নিয়ন্ত্রণের ব্রিফিং করতে গিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিষয়টি নাশকতা কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে নিউ সুপারমার্কেটসহ রাজধানীর সাম্প্রতিক সময়ে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা ‘রহস্যজনক’ উল্লেখ করে বলেন, ধারাবাহিকভাবে রাজধানীর বড় বড় মার্কেটে আগুন লাগার ঘটনায় ব্যবসায়ীসহ জনসাধারণের মনে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে।

এর আগে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের বিষয়ে গত ৬ এপ্রিল বিকেলে ঢাকার আজিমপুর কলোনি মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবাজারসহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এই ঘটনা ঘটাচ্ছে কি না, তা আমরা খতিয়ে দেখছি এবং তা তদন্ত করা দরকার।’

এর পরের দিন ১২ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নিরপেক্ষ’ তদন্ত হলে ওই ঘটনায় ক্ষমতাসীন দলের প্রভাবশীল লোকদের সম্পৃক্ততা ‘বেরিয়ে আসবে’।

বিশেষজ্ঞরা যা বলছেন : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন (অব.) কালের কণ্ঠকে বলেন, ‘প্রায় একই সময়ে বঙ্গবাজার ও নিউ সুপারমার্কেটে আগুনের ঘটনা ঘটল। কেন ঘটল, এটা আমারও প্রশ্ন। কাউকে বিপদে ফেলার জন্য নয়, প্রকৃত ঘটনা জানার জন্য এর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। বঙ্গবাজারের অগ্নিকাণ্ড সম্পর্কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিগারেট বা মশার কয়েল থেকে এর সূত্রপাত হতে পারে। আমার মনে হয়, বঙ্গবাজারের ঘটনাটি আরো খতিয়ে দেখার প্রয়োজন ছিল।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আরেক সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান (অব.) বলেন, ‘গভীর রাতে অথবা শেষরাতের দিকে অগ্নিকাণ্ড সন্দেহের উদ্রেক করে। কয়েক দিনের ব্যবধানে বঙ্গবাজার ও নিউ সুপারমার্কেটে ভোররাতের দিকে অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের ক্ষেত্রে নানা কারণ থাকতে পারে। এর মধ্যে নাশকতাও একটি কারণ হতে পারে। এ বিষয়ে সঠিক তদন্ত প্রয়োজন। এ ছাড়া আমার মনে হয়, নিউ সুপারমার্কেটের মতো স্থাপনায় আগুন না লাগটাই কিছুটা অস্বাভাবিক। ঝুঁকিপূর্ণ এ ধরনের মার্কেটে ইলেকট্রিক লাইনগুলো ত্রুটিপূর্ণ। মার্কেট কমিটি নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনো চিন্তা-ভাবনা করে বলে মনে হয় না। মার্কেট বন্ধ করার সময় মূল ইলেকট্রিক্যাল লাইন বন্ধ রাখলে অগ্নিনিরাপত্তার ঝুঁকি কিছুটা কমতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য