এপ্রিলের ৪ তারিখ থেকে দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। তবে কিছুদিন ধরে তাপপ্রবাহের তীব্রতা কমে এলেও গরম থেকে স্বস্তি মেলেনি। এপ্রিলের এই দুঃসহ তাপপ্রবাহ থেকে ঈদের সময়টায় মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে। কারণ আবহাওয়াবিদরা বলছেন, ওই সময়টায় দেশজুড়ে বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ২২ ও ২৩ এপ্রিল দেশে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ঈদের সময় সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। এর মধ্যে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা কম। আগামী দুই-তিন দিন গরমের অনুভূতি কিছুটা কমবে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের পাঁচটি জেলা রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে এখনো তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশ, রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
নেত্রকোনায় শিলাবৃষ্টি, ফসলের ক্ষতি : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাসহ হাওরাঞ্চলে চলছে ধান কাটার কাজ। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে খালিয়াজুরী উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। এতে হাওরের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা। তবে তাত্ক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খালিয়াজুরী গ্রামের কৃষক গোলাম হোসেন জানান, উপজেলার খালিয়াজুরী ইউনিয়নের জালরবন, পাঙাশিয়া হাওর, নয়ারবন, পায়ার হাওরসহ কয়েকটি হাওরে গতকাল বিকেলে শিলাবৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে টানা ১০ দিন ভারি বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে আগাম বন্যা, শিলাবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের আশঙ্কায় দ্রুত ধান কাটার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে।
এশিয়াজুড়ে চলছে তাপপ্রবাহ : শুধু বাংলাদেশেই নয়, বর্তমানে এশিয়াজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। হিটস্ট্রোকে বিভিন্ন দেশে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটছে। চলতি মাসে ভারত, চীন, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশে উচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জলবায়ু বিশেষজ্ঞ ও আবহাওয়া ইতিহাসবিদ ম্যাক্সিমিলিয়ানো হেরেরা এই অস্বাভাবিক তাপমাত্রাকে ‘এখানকার (এশিয়া) ইতিহাসে এপ্রিলের সবচেয়ে খারাপ তাপপ্রবাহ’ হিসেবে বর্ণনা করেছেন।
চীনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চীনের অনেক অঞ্চলে এপ্রিলে রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। লাওসের লুয়াং প্রাবাংয়ে চলতি সপ্তাহে ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ বলছে, গত রবিবার তাক প্রদেশে তাপমাত্রা ৪৪.৬ সেলসিয়াসে পৌঁছেছে।
ভারতের বেশির ভাগ রাজ্যেই তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। দেশটির অনেক জায়গায় তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি পর্যন্ত উঠছে। গত মঙ্গলবার মহারাষ্ট্রের একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ১১ জন হিটস্ট্রোকে মারা গেছেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও ওড়িশায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
