পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুইটি উগ্রবাদী হামলায় চারজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার এর প্রথম ঘটনাটি ঘটেছে উত্তর ওয়াজিরিস্তানে সীমান্ত চেক পোস্টের কাছে। সেখানে আত্মঘাতী বিস্ফোরণে তিন সেনার মৃত্যু হয়।
পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মঘাতী বোমারুর লক্ষ্য ছিল চেক পোস্টে গিয়ে বিস্ফোরণ ঘটানো। সেটা করতে পারলে হতাহতের সংখ্যা অনেক বাড়ত। কিন্তু সেখানে যাওয়ার আগে তিনজন সেনা তাকে থামায়। তারপরই ওই উগ্রবাদী নিজেকে উড়িয়ে দেয়। তিনজন সেনারও মৃত্যু হয়।
ওই দিনই আফগান সীমান্তের কাছে উগ্রবাদীদের সাথে গুলির লড়াইয়ে একজন পাকিস্তানি সেনা অফিসার নিহত হয়েছে।
৩৩ বছর বয়সী ওই অফিসারের নেতৃত্বে সেনা জওয়ানরা খাইবার এলাকায় উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। ওই সময় উগ্রবাদীদের গুলিতে অফিসারের মৃত্যু হয়।
পরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, তাদের গুলিতেই সেনা অফিসারের মৃত্যু হয়েছে।
তবে প্রথম ঘটনার দায় কেউ এখনো স্বীকার করেনি।
একটি সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে পাকিস্তানে ২৭১টি উগ্রবাদী হামলা হয়েছে। তাতে ৩৮৯ জন নিহত হয়েছে। এই সময়ে উগ্রবাদী হামলার পরিমাণ ৭৯ ভাগ বেড়েছে।
সূত্র : ডয়চে ভেলে
