দেউলিয়া হওয়ার আবেদন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি জিউলিয়ানি। জর্জিয়ার দুই সাবেক নির্বাচন কর্মীকে মানহানি করার দায়ে তাকে প্রায় ১৫ কোটি ডলার জরিমানা করে দেশটির একটি আদালত। এর ঠিক কয়েক দিন পরই এই জরিমানা এড়াতে দেওলিয়া হওয়ার আবেদন করেন তিনি। জিউলিয়ানি ট্রাম্পের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য জর্জিয়ার দুই সাবেক নির্বাচন কর্মীর বিরুদ্ধে জালিয়াতির মিথ্যা অভিযোগ করেছিলেন।
জানা যায়, নির্বাচনের ফলাফলকে পালটে দেওয়ার জন্য ট্রাম্পের আইনি প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন জিউলিয়ানি। তিনি দুই নির্বাচন কর্মী রুবি ফ্রিম্যান এবং তার মেয়ে ওয়ান্ড্রিয়া শায়ে মসের একটি ভিডিও পোস্ট করে তাদের বিরুদ্ধে ব্যালট-গণনার সময় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগ আনেন এবং তাদের সম্পর্কে আরো অনেক ভিত্তিহীন দাবিও করেন। তার এ দাবি আদালতে মিথ্যা প্রমাণিত হলে অপবাদ দিয়ে মানহানি করার দায়ে তাকে ১৪ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয় আট জনের এক ফেডারেল জুরি। এর ঠিক কয়েক দিন পরই নিউ ইয়র্কের ইউএস ব্যাংকরাপ্সি কোর্টে দেউলিয়া হওয়ার আবেদন করেন জিউলিয়ানি।
আবেদনপত্রে তিনি বলেন, তার ১০ থেকে ৫০ কোটি ডলারে ঋণের বোঝা রয়েছে যেখানে তার সম্পদের পরিমাণ মাত্র ১০ লাখ থেকে ১ কোটি ডলার সমপরিমাণ। জিউলিয়ানির একজন মুখপাত্র টেড গুডম্যান বলেন, দেউলিয়া হওয়ার আবেদন তাকে ১৪ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ জরিমাণার বিষয়ে আপিল করার এবং অন্যান্য ঋণদাতাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করার সময় দেবে। গুডম্যান আরো বলেন, মেয়র রুডি জিউলিয়ানি এত বড় জরিমানার অর্থ প্রদান করতে সক্ষম হবেন কোনো ব্যক্তিই যুক্তিসঙ্গতভাবে তা বিশ্বাস করতে পারেনি।
ইত্তেফাক/এএইচপি
