এত দিন মুখবন্ধ খামে বন্দি ছিল। আদালতের নির্দেশে খামের মুখ খোলা শুরু হতেই কাঁপুনি ধরে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘উচ্চ মহলে’। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথি প্রকাশ্যে এনে দিচ্ছে বিশ্বের তাবড় ব্যক্তিত্বের চরিত্রের নিকষ কালো দিক। ওই তালিকায় কার নাম নেই! আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল্ ক্লিন্টন থেকে স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসন, প্রিন্স অ্যান্ড্রু, ল্যারি পেজ, সকলেই বহাল তবিয়তে উপস্থিত নথিতে। এপস্টিনের নথি অনুযায়ী, তারা প্রত্যেকেই তার পৃষ্ঠপোষকতায় যৌনাচারে যুক্ত ছিলেন।
আদালতের নির্দেশে খামের মুখ খোলার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারির পর থেকে। সেই প্রক্রিয়া নিয়মমাফিক শুরুও হয়ে গেছে। তাতেই ভূমিকম্প শুরু হয়ে গেছে তাবড় তাবড় ব্যক্তিত্বের ড্রয়িংরুমে। আগামী দিনে আরো স্পষ্টভাবে বোঝা যাবে, এই সমস্ত দুনিয়া কাঁপানো ব্যক্তিত্বদের সাথে এপস্টিনের সম্পর্কের খুঁটিনাটিও। এই নথিতে মূলত রয়েছে, কোন ব্যক্তিত্ব এপস্টিনের সাথে যোগাযোগের ফলে যৌন আকাঙ্ক্ষা কী ভাবে পূর্ণ করেছিলেন, তার সালতামামি। ফলে, সুনামি সদ্য শুরু!
যৌন নিগ্রহের শিকার ভার্জিনিয়া জিউফ্রে এপস্টিনের সঙ্গী তথা ব্রিটিশ সমাজকর্মী ঘিসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলার সূত্র ধরেই একে একে প্রকাশ্যে আসছে বিখ্যাত সব নাম।
উল্লেখ্য, যৌন অপরাধী এপস্টিনকে ২০১৯ সালে জেলে পাঠানো হয়েছিল। জেলেই আত্মঘাতী হন তিনি। এপস্টিনের পর ২০২১ সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত করা হয় ঘিসলাইনকেও। তিনি বর্তমানে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে এপস্টিনের নথিতে সম্বোধন করা হয়েছে ‘ডো ৩৬’ নামে। এখন পর্যন্ত মোট ৫০ বার তার নাম ঘুরেফিরে এসেছে সদ্য মুখখোলা নথিতে। এ ছাড়াও রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নাম। বিজ্ঞানী স্টিফেন হকিং, ইংল্যান্ডের রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু, বিনোদন জগতের মাইকেল জ্যাকসন, লিওনার্দো ডি ক্যাপ্রিও, জর্জ লুকাস, জেসন রিচার্ডস, কেভিন স্পেসি, ব্রুস উইলিস, ড্যানিয়েল উইলসনের নাম উল্লেখযোগ্য।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
