একজন সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে অভিজ্ঞতা।
বাংলাদেশে একটি প্রচলিত রীতি রয়েছে যে, নির্বাচন কমিশন নির্বাচনের সময় বিভিন্ন ভূমিকায় ব্যাংকারদের নিয়োগ দেয়। আমি একজন ব্যাংকার হিসেবে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। যদিও এই নিয়োগটি আমার জন্য একদমই অপ্রত্যাশিত ছিল, আর আমি একদমই প্রস্তুত ছিলাম না এমন দায়িত্বের জন্য, তবুও জরুরি কোনো স্বাস্থ্য সমস্যা না থাকায় আমার হাতে দায়িত্ব নেওয়া ছাড়া কোনো বিকল্পও ছিল না।
নিয়োগপত্রের নির্দেশনা অনুযায়ী, আমি বনানীর একটি নির্বাচন কমিশন কেন্দ্র থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষকরা অত্যন্ত আন্তরিক এবং ধৈর্যশীল ছিলেন যখন তারা শতাধিক প্রিসাইডিং ও সহকারী অফিসারদের ভোটদানের প্রক্রিয়া, যথাযথ পরিশ্রম, জবাবদিহিতা এবং দায়িত্বের পরিধি সম্পর্কে শেখান।
পুরো ভোটগ্রহণ দলের সাথে আমি ২৯শে ডিসেম্বর আমার নির্বাচনী কেন্দ্রে যাই স্থানটি সাজানোর জন্য। একই ফ্লোরে চারটি ভোটকেন্দ্র ছিল এবং আমরা সকলে বিকেলে আমাদের পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে একটি মিটিং করি। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা রাতটা থেকে যাব যাতে আমাদের সব আয়োজন ঠিকঠাক থাকে এবং সময়মতো ভোটগ্রহণ শুরু করা যায়। আমরা সবাই ভোটারদের জন্য একটি সুন্দর অভিজ্ঞতা নিশ্চিত করতে মনোযোগী ছিলাম। পুলিশও তাদের সাধ্যমতো একটি সুষ্ঠু ভোটদানের প্রক্রিয়া নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল। আমার আরও কিছু বন্ধু এবং সহকর্মী কাছাকাছি কেন্দ্রে নিয়োগপ্রাপ্ত ছিল। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, কাছের কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছিলাম, চা-কফি খাচ্ছিলাম এবং নির্বাচনের দিন নিয়ে পরিকল্পনা করছিলাম।
১০:৩০টা পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছিল, তারপর হঠাৎ করে সবকিছু এলোমেলো হতে শুরু করল!
রাত ১০:৩০টায় আমাদের প্রিসাইডিং অফিসার একটি মিটিং এর আয়োজন করেন, যেখানে সকল সহকারী প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে দায়িত্ব বণ্টনের কথা বলেন, এবং এরপরই পুলিশ তাদের বক্তব্য শুরু করে। তারা সোজাসাপ্টা বলল – “যদিও আগামীকালের নির্বাচন সুষ্ঠু হবে, তবে উপরের মহল থেকে নির্দেশ এসেছে যে মধ্যরাতের মধ্যে ৩০% ভোট কাস্টিং সম্পন্ন করতে হবে।” তারা আরও জানাল যে এই পরিকল্পনা সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে এসেছে এবং তা প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। কোনো ধরনের প্রতিবাদ করলে তাৎক্ষণিক পরিণতি ভোগ করতে হবে, এবং তা যে কেমন হতে পারে, তা সবাই বুঝতে পারছিল। বাইরে একটি সাদা মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল!
রুমে পিনপতন নীরবতা নেমে এসেছিল, কারণ এই ধরনের পরিস্থিতি আমাদের সবার জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমরা অসহায় এবং লজ্জিত বোধ করছিলাম! পুলিশ তাদের ব্রিফিং চালিয়ে যায় নির্বাচনের দিনের জন্য তিন স্তরের পরিকল্পনা নিয়ে। প্রথমত, ক্ষমতাসীন দলের সমর্থকরা বাইরের গেটে থাকবে যাতে কোনো বিরোধী ভোটার কেন্দ্রে প্রবেশ করতে না পারে। দ্বিতীয়ত, পুলিশ ভেতরের গেটে কৃত্রিম লাইন তৈরি করে প্রবেশ প্রক্রিয়াকে ধীর করবে এবং শেষ পর্যন্ত, ভোটগ্রহণের এজেন্টরা নিশ্চিত করবে যে যারা এই সব স্তর পেরিয়ে আসছে তারা ক্ষমতাসীন দলের সমর্থক কিনা। সেই পরিকল্পনাকে আরও সুরক্ষিত করতে, ম্যাজিস্ট্রেটরা কোনো ভোটকক্ষে প্রবেশ করবে না, কোনো প্রতিনিধি ভেতরে ঢুকতে পারবে না, এবং সশস্ত্র বাহিনী কাছাকাছি থাকবে যেকোনো অপ্রত্যাশিত ঘটনার মোকাবিলা করার জন্য। এছাড়াও, নির্বাচনের দিন বাইরের কোনো দর্শনার্থী ব্যালট বাক্স চেক করতে পারবে না। মূলত ধরা পড়ার কোনো ঝুঁকি ছিল না!
কিছু প্রিসাইডিং অফিসার তাদের মতামত প্রকাশের চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাদের প্রায় সঙ্গে সঙ্গেই ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নতুন বাস্তবতায় নিয়ে আসে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, এই পরিকল্পনাটি চার থেকে পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার একটি কমিটি দ্বারা পরিচালিত হয়েছিল এবং এই দলের নেতৃত্বে ছিলেন এইচ টি ইমাম।
আমরা সবাই বুঝতে পারলাম যে, আমরা এই অবৈধ এবং অন্ধকারময় প্রক্রিয়ার ফাঁদে পড়েছি। মিটিং শেষ হলো, আমরা বাইরে গেলাম, কাছের কয়েকটি কেন্দ্রের সঙ্গে কথা বললাম, আমার অন্য বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম এবং হতবাক হয়ে দেখলাম, সব জায়গায় একই পরিকল্পনা – ৩০% মধ্যরাতের ভোট!
প্রায় রাত ১১:০০টার দিকে, দুইজন ব্যক্তি আমার ভোটকেন্দ্রে প্রবেশ করে, ব্যালট পেপারগুলো খুলে ভোট দিতে শুরু করে। তারা খুবই পেশাদার ছিল, দ্রুত তাদের কাজ শেষ করে এবং আমার সঙ্গে একটুও কথা বলেনি। পুরোটা সময় আমার ভোটকক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং কিছু পুলিশ সদস্য দরজায় দাঁড়িয়ে ছিল। ৩০% ব্যালট পেপারে সিল মারতে তাদের প্রায় ৪০-৫০ মিনিট সময় লেগেছিল।
অবাক করা বিষয়, যখন আমরা ভেবেছিলাম অবৈধ ভোটদান শেষ হয়েছে, তখন রাত ১২:৩০টার দিকে আরেকটি নির্দেশ আসে! নতুন আদেশ ছিল ২০% আরও ভোট কাস্টিং করতে এবং রাত ১:৩০টার মধ্যে মোট ৫০% পূর্ণ করতে। পুরোপুরি জয় নিশ্চিত করার একটি নিখুঁত পরিকল্পনা!
আবারও, সেই একই দেশপ্রেমিক ব্যক্তিরা আমার ভোটকক্ষে এসে তাদের দ্বিতীয় ধাপের পবিত্র কর্ম সম্পন্ন করে গণতন্ত্রকে রক্ষা করল!
নির্বাচনের দিনটি ছিল তাদের পরিকল্পনার এক নিখুঁত বাস্তবায়ন – বাইরের গেটে একটি দল ভোটারদের ফিল্টার করল, কেন্দ্রে প্রবেশে একটি কৃত্রিম দেরি তৈরি করানো হয়েছিল, এবং ভোট দিতে অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিলো। দুপুরের দিকে একজন ম্যাজিস্ট্রেট স্কুল পরিদর্শন করেন, মাঠে দেশপ্রেম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং অনেকটা প্রত্যাশিতভাবেই কোনো ভোটকক্ষে প্রবেশ করেননি। একজন আন্তর্জাতিক প্রতিনিধি এলেন, তাকে ভোটকক্ষের বাইরে থাকতে হলো, এবং প্রিসাইডিং অফিসার তাকে বললেন কতটা চমৎকারভাবে নির্বাচন চলছে, যা তাকে বলা বাধ্যতামূলক করা হয়েছিল। একজন সাংবাদিক স্কুলে এলেন, কিছু পূর্বনির্ধারিত সাক্ষাৎকার নিলেন, কতটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে সে সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করলেন এবং খুশিমনে চলে গেলেন। ক্ষমতাসীন দলের অনেক স্থানীয় নেতা কেন্দ্র পরিদর্শন করে বিজয়ের চিহ্ন দেখিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করলেন।
আমরা সেই সুষ্ঠু(!) ভোটদান প্রক্রিয়া নির্ধারিত সময়ে শেষ করলাম, সব নথিপত্র তৈরি করলাম এবং রাত ১০:০০টার মধ্যে বনানী নির্বাচন কমিশন অফিসে ফলাফল জমা দিলাম। সবাই জানত কী ঘটেছে, তবুও কেউ কিছু বলতে সাহস করেনি।
আমি বাড়ি গেলাম, কাঁদলাম, মানসিকভাবে ভেঙে পড়লাম এবং দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
-আতিকুর রহমান (অনূদিত)
