চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) এডিপি বাস্তবায়নের দায়িত্বে থাকা ১৯ মন্ত্রণালয় ও বিভাগ মোট বরাদ্দের ১ টাকাও খরচ করতে পারেনি। এদের অধীনে রয়েছে ২৬৩ প্রকল্প। অন্যদিকে ২৬টির বাস্তবায়ন ১ শতাংশের নিচে। এই ২৬টি মন্ত্রণালয়ে ও বিভাগের অধীনে রয়েছে ৪৮৭টি প্রকল্প। সব মিলিয়ে এডিপি বাস্তবায়নের গড়হার মাত্র ১ দশমিক ০৫ শতাংশ। অর্থাৎ দুই-একটি ব্যতিক্রম বাদ দিলে সরকারের ৫৮টি মন্ত্রণালয় এবং বিভাগের বেশির ভাগেরই খরচ নামমাত্র। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য সরকার দুই লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে। এডিপিতে মোট এক হাজার ৩৫২টি প্রকল্প রয়েছে। এবারের এডিপিতে স্থানীয় সরকার বিভাগের জন্য বরাদ্দ ৩৭ হাজার ৯৭৬ কোটি টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ৩০ হাজার ৪৭৫ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগের জন্য ৩৩ হাজার ৭১৭ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য ১২ হাজার ৭৪৯ কোটি টাকা, স্বাস্থ্যসেবা বিভাগের জন্য ১১ হাজার ১৫৩ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১৩ হাজার ১২৫ কোটি টাকা।
গত কয়েক বছরের জুলাইয়ের আইএমইডি’র তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরের জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ১.২৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ছিল ০.৯৬ শতাংশ।
২০২১-২২ অর্থবছরে ১.১৪ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ১.৫২ শতাংশ, ২০১৯-২০ অর্থবছরে ১.৮৪ শতাংশ, ২০১৮-১৯ অর্থবছরে ০.৫৭ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ০.৯৩ শতাংশ, ২০১৬-১৭ অর্থবছরে ০.৫৬ শতাংশ, ২০১৫-১৬ অর্থবছরে ১ শতাংশ, ২০১৪-১৫ অর্থবছরে ২ শতাংশ এবং ২০১৩-১৪ অর্থবছরে ছিল ২ শতাংশ। অর্থাৎ কোনো অর্থবছরই ২ শতাংশের বেশি কাজ হয়নি। এদিকে এক মাস পেরিয়ে গেলেও এক টাকাও খরচ করতে পারেনি ১৯ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা। এগুলো হলো- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, সেতু বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প, ধর্ম, প্রতিরক্ষা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন ও বিচার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি এবং জাতীয় সংসদ সচিবালয়।
অন্যদিকে এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৫ দশমিক ৭৯ শতাংশ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ৫ দশমিক ৬২ শতাংশ, মন্ত্রিপরিষদ বিভাগ ৫ দশমিক ৫৩ শতাংশ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিভাগ ৩ দশমিক ৯৭ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।
