Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরঅপরাধ করলে রাজনৈতিক দল ১০ বছর নিষিদ্ধ

অপরাধ করলে রাজনৈতিক দল ১০ বছর নিষিদ্ধ

দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর ‘অপরাধ করলে রাজনৈতিক দল ১০ বছর নিষিদ্ধ’। প্রতিবেদনে বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ৮টি ধারা সংশোধনের প্রস্তাবের খসড়া প্রস্তুত করা হয়েছে। সংশোধনীতে কোনো রাজনৈতিক দল এ আইনের অধীনে অপরাধ করলে দলকে ১০ বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি এ আইনের অধীনে অপরাধ হতে পারে এটি জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা, সংগঠন, দল, সংঘবদ্ধ চক্র বা সত্তার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাকেও বিচারের আওতায় আনা সম্ভব হবে। যা বর্তমান আইনে নেই।

সোমবার বিকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধনবিষয়ক একটি মতবিনিময় সভায় সংশোধনের প্রস্তাব তুলে ধরা হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এতে সভাপতিত্ব করেন। সভায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সময়োপযোগী করার লক্ষ্যে সংশোধনীর খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়। সেখানে ৪এ, ১৩এ ও ২০এ নামে ৩টি নতুন ধারা এবং ৩(৩) ও ১২(২) নামে ২টি নতুন উপধারা যুক্ত করা হয়। এছাড়া ধারা ৩(২)(এ), ৪(২) ও ১৯ ধারায় সংশোধন আনার প্রস্তাব করা হয়।

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, গত জুলাই হত্যাকাণ্ডে জনগণ নিজ চোখে দেখেছেন একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় মেতেছিল। আমাদের বুকের ভেতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত ক্ষোভ থাক-এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না। আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। আসিফ নজরুল বলেন, অতীতে দেখেছি, এ দেশে বিচারের নামে কী ধরনের অবিচার হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব।

প্রথম আলো

দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম ‘ডিজিটালের নামে বিপুল ব্যয়, তবু সূচকে পিছিয়ে বাংলাদেশ’। প্রতিবেদনে বলা হচ্ছে, ডিজিটাল বাংলাদেশের নামে সাড়ে ১৫ বছরে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। তবু ডিজিটাল সেবা, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি কমানো, মানবসম্পদ ও দক্ষতা উন্নয়ন, আইসিটি সেবা রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

আইসিটি বিভাগের হিসাবে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভাগটি ৫৩টি প্রকল্প ও ৩৪টি কর্মসূচি নিয়েছে। যার মধ্যে ২২টি প্রকল্প এখনো চলমান। বাকিগুলো বাস্তবায়ন শেষ। সব মিলিয়ে ব্যয় প্রায় ২৫ হাজার কোটি টাকা। এর বাইরেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ডিজিটালাইজেশন-সংক্রান্ত প্রকল্প নিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নেওয়া প্রকল্পের ব্যয় ৪০ হাজার কোটি টাকা।

আইসিটি বিভাগের কর্মকর্তা ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইসিটি খাতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে, যেগুলোর তেমন কোনো সুফল নেই। সম্ভাবনার নামে ‘গালগল্প’ শুনিয়ে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তারপর দেখা গেছে, সেই অবকাঠামো তেমন কোনো কাজে লাগছে না। দেশি-বিদেশি বিনিয়োগ এসেছে প্রত্যাশার চেয়ে অনেক কম। প্রশিক্ষণের নামে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে। তাতেও সুফল কম।

আইসিটি বিভাগের প্রকল্পগুলোয় অতিরিক্ত ব্যয় ধরা, ঘনিষ্ঠ লোকদের কাজ দেওয়া, চাকরিতে স্বজনপ্রীতি, দুর্নীতি ও অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে।

সমকাল

‘সিন্ডিকেটের কবলে ইলিশ, ধরাছোঁয়ার বাইরে দাম’-এটি দৈনিক সমকালের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হচ্ছে, ইলিশের ভরা মৌসুম এখন। পাঁচ বছর ধরে উৎপাদনও বাড়ছে আড়াই শতাংশ হারে। তবু ইলিশের স্বাদ নিতে পারছে না সাধারণ ক্রেতারা। কারণ উচ্চমূল্য। ভোক্তারা এজন্য অসাধু চক্রের কারসাজিকে দায়ী করছেন। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। এ চক্র না ভাঙলে ইলিশ সাধারণ মানুষের কাছে অধরা থেকেই যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, নদী বা সাগর থেকে ইলিশ আহরণের পর ভোক্তা পর্যায়ে পৌঁছানোর আগে কয়েকটি হাত ঘোরে ইলিশ। প্রথমত জেলের কাছ থেকে যায় মহাজনের হাতে। এরপর আড়তদার হয়ে যায় পাইকারদের কাছে। সর্বশেষ যখন খুচরা ব্যবসায়ী কিংবা পাড়া-মহল্লার বাজারে পৌঁছায় তখন ইলিশের দাম এমন পর্যায়ে ওঠে যে, তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়।

ইলিশ উৎপাদন এলাকার ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, প্রতিদিনই অনেক ইলিশবোঝাই ট্রাক খুলনা, যশোর ও বেনাপোলের দিকে যায়। এগুলো শেষ পর্যন্ত সেসব এলাকায় বিক্রি হয়, নাকি পাচার হয়– তা খতিয়ে দেখা দরকার।

দেশ রূপান্তর

দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ‘ঋণের সুফল পেতে চাই শৃঙ্খলা’। প্রতিবেদনে বলা হচ্ছে, মহামারী করোনার আগপর্যন্ত বাংলাদেশের জিডিপির বেশ ভালো প্রবৃদ্ধিই ছিল। অর্থনীতিও এগিয়ে যাচ্ছিল। কিন্তু আর্থিক খাতে লুটপাট, দুর্নীতি আর মুদ্রা পাচারে সব ডুবেছে। লুটপাটের প্রভাব স্পষ্ট হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর। বিদেশি মুদ্রায় আমদানি করা কাঁচামাল দিয়ে পণ্য রপ্তানি করে অর্থ দেশে না আনা, আমদানি-রপ্তানিতে মূল্য কমবেশি দেখিয়ে অর্থ পাচার ও ঋণ করে অলাভজনক উন্নয়নের খেসারত হিসেবে এক সময়ের রেকর্ড বিদেশি মুদ্রার রিজার্ভ ঝুঁকিতে পড়েছে। ফলে আমদানিনির্ভর বাংলাদেশকে খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে।

গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে কমিশন গঠন করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আর্থিক খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ নয় এমন প্রকল্প বন্ধ রেখে সরকারের ব্যয় কমিয়ে কৃচ্ছ্রসাধনের পথ গ্রহণ করা হয়েছে। নতুন সরকারের বিদ্যমান সংকট বিশেষ করে বিদেশি মুদ্রার সংকট কাটাতে এগিয়ে এসেছে উন্নয়ন সহযোগীরা। স্বল্প সময়ে বাজেট সহায়তাসহ বিভিন্ন খাতে সাড়ে ১২ বিলিয়ন ডলারের ঋণের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাগুলো। বিপুল এই ঋণ বাংলাদেশের বিদেশি মুদ্রার সংকট কাটাতে যেমন সহায়তা করবে, তেমনি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রেও তা ব্যাপক ভূমিকা রাখবে।

নয়া দিগন্ত

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণ হলে রাজনৈতিক দল ১০ বছর নিষিদ্ধের প্রস্তাব’—দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম এটি। প্রতিবেদনে বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’ সংশোধনে আটটি খসড়া সংশোধনী প্রস্তাব তুলে ধরা হয়েছে। গতকাল সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়। খসড়া সংশোধনীতে এ আইনের ৪এ, ১৩এ ও ২০এ নামে ৩টি নতুন ধারা এবং ৩(৩) ও ১২(২) নামে ২টি নতুন উপধারা যুক্ত করা হয়। এ ছাড়া ধারা ৩(২)(এ), ৪(২) ও ১৯ ধারায় সংশোধন আনার প্রস্তাব করা হয়। এ ছাড়া খসড়া সংশোধনীর প্রস্তাবে বলা হয়েছে, ‘কোনো রাজনৈতিক দল যদি এ আইনের অধীন কোনো অপরাধ করে তাহলে সে দলকে ১০ বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে।’

গতকাল আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’ সংশোধনবিষয়ক মতবিনিময় সভায় এ আইনের প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় ড. আসিফ নজরুল বলেছেন, আমরা প্রথম দিন থেকে বলছি এখানে প্রতিশোধ বা কোন প্রতিহিংসা, এটা না। আমরা সুবিচার চাই। আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। তিনি বলেন, আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে একটা দেশের একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল। আমাদের চোখের সামনে সব দেখেছি। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভেতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমার বুকের ভিতর যত কষ্ট থাক, যত ক্ষোভ থাকুক, যত ক্রন্দন থাকুক বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা সচেতন আছি। আমরা সচেতন আছি এ দেশে বিচারের নামে কী ধরনের অবিচার হয়েছে অতীতে। আমরা সব কিছু জানি। এজন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আমাদের বিচারকার্যের মধ্য দিয়ে দেখবেন। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশে^র কাছে এবং বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে এই বিচার গ্রহণযোগ্য হয়। যেসব নেতা বা যেসব ব্যক্তি এখানে বিচারকার্যে সম্মুখীন হবে তাদের যারা সমর্থক আছে তাদেরও যাতে মনে হয়, হ্যাঁ সত্যি উনি অন্যায় করেছেন বা অন্যায় করেন নাই। তারাও যেন কনভিন্স থাকে।

ডেইলি স্টার

দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর ‘Media reforms commission likely next week’ অর্থাৎ ‘আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন হতে পারে’। প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টার ফিরে আসার পরে ঘোষণাটি আসবে বলে আশা করা হচ্ছে।’

তথ্য ভবনে সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এক কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগ (ডিএফপি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য