ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, উত্তর প্রদেশের বেরেলি জেলার বিশারতগঞ্জ থানা এলাকার মোহাম্মদগঞ্জ গ্রামে একটি ব্যক্তিগত বাড়ির ভেতরে জামাতে নামাজ আদায় করার অভিযোগে পুলিশ ১২ জনকে আটক করেছে। নামাজের ওই জমায়েতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। এতে করে উদ্বেগজনক প্রশ্ন উঠেছে—মুসলমানদের কি এখন নিজেদের বাড়ির ভেতরে ইবাদত করতেও সরকারি অনুমতি নিতে হবে?
বেরেলি (দক্ষিণ) জেলার পুলিশ সুপার অংশিকা ভার্মা বলেন, মোহাম্মদগঞ্জ গ্রামের একটি খালি বাড়ি অস্থায়ী মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভার্মা বলেন,
“অনুমতি ছাড়া কোনো নতুন ধর্মীয় কার্যক্রম বা জমায়েত করা আইন লঙ্ঘনের শামিল। এ ধরনের কর্মকাণ্ড পুনরায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ভাইরাল ভিডিওটি অনলাইনে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই এই আটককে বৈষম্যমূলক এবং মৌলিক অধিকারগুলোর সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছেন।
এমপি দানিশ আলী লিখেছেন,
“ভারতের কোন আইনে বলা হয়েছে যে নিজের বাড়ির ভেতরে উপাসনার জন্যও সরকারের অনুমতি নিতে হবে? প্রথমে মসজিদের বাইরে বিধিনিষেধ, আর এখন কি ঘরের ভেতরেও নজরদারি?”
