রাজধানীর গণপরিবহনে যুক্ত হচ্ছে নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। আগামী মঙ্গলবার থেকে চালু হতে যাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এই সার্ভিসে শুধু নারী যাত্রী চলাচল করতে পারবেন। বাসের চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা।
মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসটির উদ্বোধন হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগের লক্ষ্য নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। উদ্বোধনের পর নির্ধারিত রুটে বাসগুলো চলাচল করবে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিআরটিসি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আরও উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
সূত্রঃ সমকাল
