ইরান ও মক্কা প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলো আঞ্চলিক উত্তেজনা কমিয়ে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশটির নিরাপত্তাপ্রধানের সঙ্গে সউদী আরব, পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পর তেহরান এ কথা জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা এবং ইয়েমেনের সংঘাতের মধ্যে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মক্কা জোটের প্রতিনিধিরা তেহরান সফর করেন। বৈঠকে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সমঝোতা হয় বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার মস্কোতে বৈঠক করার কথা রয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির। আঞ্চলিক উত্তেজনা নিরসনে এই বৈঠকেও আলোচনা হতে পারে।
অন্যদিকে, ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সউদী নেতৃত্বাধীন জোট হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী সানাও রয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুও রয়েছে। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরজুড়ে কড়াকড়ি আরোপের পাশাপাশি হেবরন শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তথ্যসূত্র: আল-জাজিরা
