কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উদ্ভাবন না করলেই হয়তো মানবজাতির জন্য ভালো হতো বলে মন্তব্য করেছেন প্রযুক্তিটির অন্যতম পথিকৃৎ ও নোবেলজয়ী বিজ্ঞানী জেফরি হিন্টন। তাঁর আশঙ্কা, চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছর এআইয়ের কারণে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এতে আর্থিক ব্যবস্থা অথবা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে অচল হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য নোবেল পুরস্কার পাওয়া ৭৮ বছর বয়সী হিন্টন দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি এআই নিয়ে কেবল ‘সর্বনাশের বার্তাবাহক’ হতে চান না। এই প্রযুক্তির মাধ্যমে ‘সম্ভাবনাময় ও চমৎকার ভবিষ্যৎ’ গড়ে তোলার সুযোগও দেখেন তিনি। তবে তাঁর ভাষায়, ‘এমনও হতে পারে যে এই প্রযুক্তি তৈরি না করলেই হয়তো আমরা আরও ভালো থাকতাম।’
হিন্টনের মতে, আগামী এক দশকের মধ্যে, এমনকি তার আগেই স্পষ্ট হয়ে যাবে মানবজাতি এআইয়ের ঝুঁকি সামলাতে পারবে কি না। সফল হলে এআই মানুষের জন্য ‘অভাবনীয় প্রাচুর্য’ বয়ে আনতে পারে। আর ব্যর্থ হলে বাড়বে ধনী-দরিদ্রের বৈষম্য, দেখা দেবে সাংস্কৃতিক সংকট ও ব্যাপক বেকারত্ব; ভেঙে পড়তে পারে পুরো সমাজব্যবস্থা।
‘এআই: প্রবাবলি নথিং টু ওরি অ্যাবাউট’ নামের একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আগে এসব কথা বলেন তিনি। চ্যাটবটের প্রস্তাবিত শিরোনামে তৈরি ছবিটিতে হিন্টনের পাশাপাশি রয়েছেন গুগলের সাবেক সহকর্মী ডেমিস হাসাবিস। নিজের পরিচিতি ও সুনাম কাজে লাগিয়ে এআইয়ের ঝুঁকি সম্পর্কে মানুষকে সতর্ক করাকে দায়িত্ব মনে করেন বলে জানান হিন্টন।
সাক্ষাৎকারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদেরও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, বাজারে আধিপত্য ধরে রাখতে প্রতিষ্ঠানগুলো একের পর এক শক্তিশালী এআই মডেল তৈরি করছে, অথচ ঝুঁকির বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। হিন্টন বলেন, ‘আমার মনে হয় জাকারবার্গ, ও স্যাম অল্টম্য্যন তারা সবাই এর ঝুঁকিগুলো বোঝেন। কিন্তু তারা এসবের পরোয়া করেন না। তারা কেবল অর্থকেই গুরুত্ব দেন।’
বিশেষ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই তৈরির প্রতিযোগিতায় চীনের সঙ্গে পাল্লা দেওয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটির নেতৃত্বে স্যাম অল্টম্যানের থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যদিও গত সেপ্টেম্বরে অল্টম্যান বলেছিলেন, ‘পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেই আমরা সঠিক কাজটা করব। বিশ্বের উচিত আমাদের ওপর সেই বিশ্বাস রাখা।’
প্রায় ৪৪ বছর ধরে এআই নিয়ে কাজ করছেন হিন্টন। ১৯৭০-এর দশকে তিনি নিউরাল নেটওয়ার্কের ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানুষের মতো শেখা ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম এই গাণিতিক ব্যবস্থার গবেষণায় তাঁর অবদান এআইয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ। তবে ঝুঁকি নিয়ে প্রকাশ্যে কথা বলার সুযোগ তৈরি করতে ২০২৩ সালে গুগল ছাড়েন তিনি। সে সময় সতর্ক করে বলেছিলেন, ‘এসব প্রযুক্তি যদি ক্ষমতার আরও বেশি নিয়ন্ত্রণ নিতে শুরু করে, তাহলে আমরা বড় বিপদে পড়ব।’
এআইয়ের সম্ভাব্য বিপদের উদাহরণ হিসেবে হিন্টন চলতি গ্রীষ্মে ওপেনএআইয়ের তৈরি কয়েকটি এআই এজেন্টের একটি ঘটনা তুলে ধরেন। তাঁর দাবি, এজেন্টগুলো জোটবদ্ধ হয়ে ‘হাগিং ফেস’ নামের একটি ওয়েবসাইট হ্যাক করার ষড়যন্ত্র করেছিল। ঘটনাটিকে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আংশিক দুর্ঘটনার সঙ্গে তুলনা করে তিনি একে ভবিষ্যতের বড় বিপর্যয়ের প্রাথমিক সতর্কসংকেত হিসেবে দেখছেন।
হিন্টনের আশঙ্কা, ‘চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছর আমরা চেরনোবিলের মতো ভয়াবহ কোনো বিপর্যয় দেখতে পাব। আর সেটিই হয়তো মানুষের টনক নড়ানোর জন্য যথেষ্ট হবে।’
তবে তাঁর ধারণা, এ বিপর্যয় পারমাণবিক দুর্ঘটনা হবে না। বরং এআইচালিত সাইবার হামলায় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে, অথবা কোনো হামলায় পুরো আর্থিক ব্যবস্থা এক সপ্তাহের জন্য অচল হয়ে যেতে পারে। এমন ধাক্কা সামলে ওঠা সম্ভব হলেও তা নীতিনির্ধারকদের ঝুঁকির গুরুত্ব বুঝতে বাধ্য করবে বলে মনে করেন তিনি। কাদের এভাবে সতর্ক হতে হবে জানতে চাইলে হিন্টনের জবাব, ‘ট্রাম্প ছাড়া বিশ্বের অন্য সব নেতাদের।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই নিয়ন্ত্রণে কোনো ‘বিশ্বায়নপন্থি পরিকল্পনার চেষ্টাকে পুরোপুরি প্রত্যাখ্যান’ করেছেন। তাঁর অবস্থান, শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণ নিজেরাই করবে। কঠোর বিধিনিষেধ আরোপ করলে এআই প্রতিযোগিতায় চীনের কাছে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়তে পারে এমন উদ্বেগ থেকেই ট্রাম্পের এই অবস্থান।
এর বিপরীতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং সিঙ্গাপুর, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াসহ আরও ৩২টি দেশের সমর্থিত কঠোর নিয়ন্ত্রণব্যবস্থার পক্ষে মত দিয়েছেন হিন্টন। এ ব্যবস্থায় শীর্ষ এআই মডেলের বাধ্যতামূলক পরীক্ষা, স্বাধীন মূল্যায়ন এবং দেশগুলোর মধ্যে অভিন্ন মানদণ্ড চালুর প্রস্তাব রয়েছে।
তাঁর মতে, ওষুধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) মতো এআইয়ের জন্যও স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজন। নতুন কোনো মডেল বাজারে ছাড়ার আগে প্রতিষ্ঠানগুলোকে প্রমাণ করতে হবে, সেটি ক্ষতির চেয়ে বেশি উপকার করবে।
এ প্রসঙ্গে ১৯৫০-এর দশকে থ্যালিডোমাইড ওষুধের কারণে শিশুদের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়ার ঘটনা উল্লেখ করেন তিনি। হিন্টনের ভাষায়, ‘আগে ক্ষতিকর পণ্য বাজারে বিক্রি করতে দেওয়া আর ক্ষতি হওয়ার পর মামলা করা সঠিক পথ নয়। কিন্তু বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন সেই পুরনো ভুলটাই করতে চাইছে। তারা চাইছে থ্যালিডোমাইডের মতোই তাদেরও ছাড় দেওয়া হোক।’
এআইয়ের অন্যতম পথিকৃৎ হিন্টনকে প্রায়ই পারমাণবিক অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের সঙ্গে তুলনা করা হয়। তবে এত সতর্কবার্তার পরও বড় বিপর্যয় এড়ানোর বিষয়ে পুরোপুরি আশাহীন নন তিনি।
হিন্টন বলেন, ‘আমার মন বলছে পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। আমরা নিশ্চয় কোনো ব্যবস্থা নিতে পারব। এটি তখনই সফল হবে যদি আমরা এর পেছনে বড় ধরনের প্রচেষ্টা চালাতে পারি। আমরা সম্ভবত সেই বড় প্রচেষ্টাই চালাতে যাচ্ছি।’
