৩০ অক্টোবর ২২টি দেশের ১১৩টি বন্দরে একসঙ্গে কর্মসূচিতে নামেন বন্দরশ্রমিকেরা। তাদের দাবি ছিল, যুদ্ধাঞ্চলগামী অর্থাৎ অস্ত্র, গোলাবারুদ আর সামরিক সরঞ্জাম যেন বাণিজ্যিক বন্দরে না ওঠে।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরায়েলের গণহত্যার মধ্যেই দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠানোর পুরো চ্যানেল কেই চ্যালেঞ্জ করছেন বন্দর শ্রমিকেরা।
এই কর্মসূচি শুরু করে মূলত ইতালি, ফ্রান্স, গ্রিস ও মরক্কোর বন্দরশ্রমিক ইউনিয়নগুলো। এরপর ২৫টিরও বেশি ট্রেড ইউনিয়ন এতে সমর্থন জানায়। পাশে ছিল ফিলিস্তিনের ১৭টি ট্রেড ইউনিয়ন ও কনফেডারেশন এবং বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস (BDS) আন্দোলন।
BDS-এর সামুদ্রিক ও জ্বালানি এমবার্গো ক্যাম্পেইনের সমন্বয়ক সারা এলেত্রা টিআরটি ওয়ার্ল্ডকে বলেন,
“অভূতপূর্ব ও ঐতিহাসিক এই সমন্বয় বছরের পর বছর ধরে শ্রমিকদের নিজেদের মধ্যে সংগঠিত হওয়ার ফল। ২০২৪ সালে ফিলিস্তিনের ট্রেড ইউনিয়নগুলো বিশ্বজুড়ে শ্রমিকদের আহ্বান জানায়, ইসরায়েলের অস্ত্রের সাপ্লাই চেইনে যেন তাঁরা কোনো ভূমিকা না রাখেন। সে বছরের অক্টোবরেই পিরেউসের বন্দরশ্রমিকেরা সাড়া দেন, ইসরায়েলগামী ২১ টন গোলাবারুদ জাহাজে তোলা বন্ধ করে দেন। তারপর থেকে একের পর এক ইউনিয়ন পদক্ষেপ নিয়েছে। ইতালির USB আর ফ্রান্সের CGT-র বন্দরশ্রমিকেরা সমন্বিতভাবে কাজ করেছেন, সামরিক কার্গো ধরতেই রাজি হননি।”
এলেত্রা জানান, এই প্রথম ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও আমেরিকা অঞ্চলের ইউনিয়নগুলো একই দিনে একসঙ্গে পদক্ষেপ নিয়েছে।
বন্দরই কেন লক্ষ্য
অস্ত্রের চালান গন্তব্যে পৌঁছাতে হলে বন্দর, জাহাজ আর শ্রমিকের একটা পুরো নেটওয়ার্ক পেরোতে হয়। আর দশটা পণ্যের মতো সামরিক সরঞ্জামও একই অবকাঠামো ব্যবহার করে: শিপিং রুট, কনটেইনার টার্মিনাল, ট্রান্সশিপমেন্ট হাব। যাঁরা কার্গো ওঠানো-নামানোর কাজ করেন, তাঁরা চাইলে সেই চালান দেরি করাতে পারেন, কিংবা ধরতেই না চাইতে পারেন। যা ডমিনো ইফেক্ট এর মত প্রভাব ফেলে পুরো সিস্টেম এই।
আর আন্দোলনকারীদের বন্দর বাছাইও এলোমেলো ছিল না।
সামরিক সাপ্লাই চেইনের ওপর নজর রাখা প্রচারণা গোষ্ঠী No Harbour for Genocide জানায়, ইতালির জেনোয়া, লিভোর্নো ও জোইয়া তাউরো, ফ্রান্সের মার্সেই, গ্রিসের পিরেউস এবং মরক্কোর তাঞ্জিয়ার ভূমধ্যসাগরের বড় বন্দর, যেগুলোর সঙ্গে ইসরায়েলে অস্ত্র পাঠানোর নথিভুক্ত তথ্য আছে।
তাদের হিসাবে, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা Elbit Systems-এর যন্ত্রাংশের ৩১৫টি চালান ২৯ দেশের ৫৬টি বাণিজ্যিক বন্দর হয়ে গেছে। এবারের কর্মসূচিতে ২০০ কোটি ডলারের বেশি মূল্যের কার্গো দেরি হতে পারে বলেও অনুমান তাদের।
৩০ অক্টোবরের কর্মসূচির পেছনে শিপমেন্ট ডিলে তো আছেই, নির্দিষ্ট সামরিক চালান বাস্তবে আটকে দেয়ার নজিরও আছে বলে জানান এলেত্রা।
২০২৫ সালের এপ্রিলে তাঞ্জিয়ার মেড বন্দরে Maersk-এর একটি ফিডার জাহাজে ইসরায়েলগামী সামরিক সরঞ্জাম তুলতে অস্বীকার করেন শ্রমিকেরা। প্রথম শিফটের ২০ জন রিমোট ক্রেন অপারেটরের ১৮ জন কাজ করেননি, দ্বিতীয় শিফটে ৩০ জনের ২৭ জন বিরত ছিলেন বলে জানা গেছে।
একই বছরের জুনে ফ্রান্সের ফস-মার্সেই বন্দরে CGT-র শ্রমিকেরা অস্ত্রের যন্ত্রাংশ তুলতে না চাওয়ায় জাহাজটি ওই কার্গো ছাড়াই ছেড়ে যায়।
এছাড়া, সেপ্টেম্বরে জেনোয়ায় Zim Virginia জাহাজে অস্ত্র তোলা আটকে দেন বন্দরশ্রমিকেরা।
তবে আগে ছাড়া ছাড়া ভাবে বিক্ষোভ প্রতিবাদ চললেও এবার সব ইউনিয়নের জোটবদ্ধ প্রতিবাদ প্রভাব ফেলছে ইসরায়েলের ‘ওয়ার মেশিনে’।
এবার একসঙ্গে ১১৩ বন্দর
এই উদ্যোগের শুরু ২০২৫ সালের গোড়ায়, ভূমধ্যসাগরীয় অঞ্চলের বন্দরশ্রমিক ইউনিয়নগুলোর আলোচনা থেকে। প্রথমে পাঁচটি ইউনিয়ন পাঁচ দেশের ২০টি বন্দরের শ্রমিকদের সংগঠিত করে, পরে তারা এথেন্স ও জেনোয়ায় বৈঠক করে।
আর ৩০ অক্টোবরের কর্মসূচি দেশভেদে ভিন্ন ভিন্ন রূপ নেয়।
গ্রিসের পিরেউসে প্রায় ৩ হাজার বন্দরশ্রমিক ও নাবিক ওয়াকআউটে অংশ নেন, এতে কার্গোর কাজ ব্যাহত হয় আর দ্বীপগামী ফেরি সেবা স্থগিত হয়ে যায়। ফ্রান্সে বন্দরশ্রমিকেরা ধর্মঘট করেন। ইতালিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের পাশাপাশি বন্দরে বিক্ষোভ হয়। অন্য বন্দরগুলোয় ছিল স্বল্প সময়ের কর্মবিরতি আর পিকেটিং।
এলেত্রার ভাষ্যে, “শ্রমিক, অ্যাকটিভিস্ট, রাজনীতিক, গবেষক আর আইনজীবীদের সম্মিলিত উদ্যোগে চালান শুধু দেরি হয়নি, ব্যাহতও হয়েছে। সামরিক পণ্য আর সামরিক-বেসামরিক দুই কাজেই ব্যবহার করা যায় এমন পণ্য জাহাজে ওঠা বা ট্রান্সশিপ হওয়া থেমেছে। ইতালি আর মালয়েশিয়ার মতো কিছু ক্ষেত্রে এসব সামগ্রী জব্দও করা হয়েছে। ভূমধ্যসাগর জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়েছিল। সেদিন ক্রেন নড়েনি, কনটেইনারও না, ভেতরে যা-ই থাকুক।”
আদৌ বন্দর-শ্রমিকেরা কতদূর যেতে পারেন
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন বলছে, পিরেউসের ঘটনা দেখায় নির্দিষ্ট একটি চালানে শ্রমিকেরা অস্বীকৃতি জানালে কী হতে পারে।
কিন্তু একদিনের আন্তর্জাতিক কর্মসূচির চ্যালেঞ্জ আলাদা, এতে কার্গো দেরি হয়, বন্দরের কাজ থমকে যায়, শিপিং কোম্পানির ওপর চাপ তৈরি হয়।
তবে এটি একা অস্ত্র চালান বন্ধ করতে পারে না, সরকারগুলোকে নীতি বদলাতেও বাধ্য করতে পারে না। ১১৩ বন্দরে ব্যাঘাতের মাত্রাও এক ছিল না। কোথাও কার্গোর কাজ থেমেছে, কোথাও হয়েছে শুধু বিক্ষোভ কিংবা সংক্ষিপ্ত কর্মবিরতি।
এলেত্রার মতে, এই কর্মসূচি দেখিয়েছে, শ্রমিকেরা সম্মিলিতভাবে সামরিকবাদ ও গণহত্যার সঙ্গে জড়াতে অস্বীকার করতে পারেন। টিআরটি ওয়ার্ল্ডকে তিনি বলেন,
“ইসরায়েলের আমদানির ৯০ শতাংশেরও বেশি আসে সমুদ্রপথে। কোনো সরকারি এমবার্গো, সংসদের ভোট বা কূটনৈতিক প্রতিবাদের তাৎক্ষণিক প্রভাব ততটা নেই, যতটা আছে এমন শ্রমিকদের, যাঁরা অবৈধ কার্গো তুলতে শুধু না বলে দিতে পারেন। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান গণহত্যা শুরুর পর থেকে বন্দরশ্রমিক, অ্যাকটিভিস্ট আর বৃহত্তর আন্দোলন একটি একটি জাহাজ ধরে এই চালান মোকাবিলা করে আসছে। ৩০ অক্টোবর সেই বিচ্ছিন্ন অস্বীকৃতিকে পরিণত করেছে ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত বন্দর কর্মসূচিতে।”
