শিশুদের শৈশব থেকেই মসজিদমুখী করা এবং জামাতে ফজরের নামাজ আদায়ে অভ্যস্ত করতে আলজেরিয়ায় শুরু হওয়া ‘রিজালুল ফজর’ উদ্যোগ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। শিশুদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও দ্বীনি মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এ উদ্যোগ মুসলিম কমিউনিটিগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলজেরিয়ার সেতিফ প্রদেশের আইন এল কেবিরা এলাকায় এ উদ্যোগের সূচনা করেন কুরআন শিক্ষক ওমর ইসাউই। মাত্র পাঁচজন শিশুকে নিয়ে শুরু করা এ কার্যক্রম অল্প সময়ের মধ্যেই আলজেরিয়ার বিভিন্ন মসজিদ ও কুরআন শিক্ষাকেন্দ্রে ছড়িয়ে পড়ে।
আরবি ‘রিজালুল ফজর’ শব্দগুচ্ছের অর্থ ‘ভোরের পুরুষ’ বা ‘ভোরের সৈনিক’। এ কর্মসূচির আওতায় মূলত ৭ থেকে ১৩ বছর বয়সী শিশুদের ফজরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদে এসে জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করা হয়। নামাজ শেষে অনেক মসজিদে শিশুদের জন্য সকালের নাশতার ব্যবস্থা করা হয়। নিয়মিত উপস্থিতির জন্য দেওয়া হয় বিশেষ পুরস্কার ও স্বীকৃতি।
আলজেরিয়ার গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটিতেও উদ্যোগটি ছড়িয়ে পড়েছে। মরক্কোতে এটি ‘ফুরসান আল-ফজর’ বা ‘ভোরের অশ্বারোহী’ নামে পরিচিতি পেয়েছে। এছাড়া মিসর, জর্ডান, কাতার ও কুয়েতের বিভিন্ন মসজিদে শিশুদের ফজরের জামাতে উপস্থিত করতে এ ধরনের কার্যক্রম অনুসরণ করা হচ্ছে।
আমেরিকার টেক্সাসসহ বিভিন্ন অঙ্গরাজ্যের মুসলিম কমিউনিটিতেও ‘রিজালুল ফজর’ উদ্যোগটি সাড়া ফেলেছে।
শৈশব থেকেই শিশুদের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, দ্বীনি মূল্যবোধ এবং মসজিদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস (আইইউএমএস) এবং অসংখ্য অভিভাবক ও শিক্ষক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে শিশুদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, ভোরের অন্ধকারে মসজিদে যাতায়াতের নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও ভিডিও প্রকাশের ক্ষেত্রে গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অনেকে।
সূত্র: আলজাজিরা, আনাদোলু, সাফা
