Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঅগ্নিকাণ্ডে মৃত্যু না ঠাণ্ডা মাথায় খুন!

অগ্নিকাণ্ডে মৃত্যু না ঠাণ্ডা মাথায় খুন!

  • চিকিৎসক সাবিরা গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজিস্ট বিভাগে কর্মরত ছিলেন 
  • ধারালো অস্ত্রে শ্বাসনালী কেটে হত্যার পর অগ্নিকাণ্ডের নাটক
  • হত্যাকারীকে প্রফেশনাল মনে হয়নি —বলছে সিআইডি

কুমিল্লার মেয়ে মোসারাত জাহান মুনিয়ার রহস্যজনক মৃত্যুর মাসখানেক পর ফের রাজধানীর কলাবাগানের বাসায় নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাবিরা রহমান লিপি (৪৭) নামের এক চিকিৎসক। হত্যাকাণ্ডের শিকার এই নারী চিকিৎসকের বাড়িও কুমিল্লায় বলে জানিয়েছে পুলিশ। তিনি ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজিস্ট বিভাগে কর্মরত ছিলেন। এদিকে সাবিরার লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, এটি ঠাণ্ডা মাথার খুন নাকি অগ্নিকাণ্ডে মৃত্যু?

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, অগ্নিকাণ্ড নয়, এটি হত্যাকাণ্ড। যা রোববার মধ্যরাতের কোনো এক সময় সংঘটিত হয়েছে। খবর পেয়ে গতকাল সোমবার ঘটনাস্থলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। তারা মরদেহ থেকে আলামত সংগ্রহ করেছে। ক্রাইম সিন জানায়, সাবিরাকে নিষ্ঠুরভাবে হত্যা (ব্রুটালি কিলড) করা হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর বিছানায় আগুন ধরিয়ে দেয়া হয়। দাহ্য পদার্থ না থাকায় আগুন তেমন ছড়ায়নি। তবে, সাবিরার শরীরের কিছু অংশ এতে দগ্ধ হয়। 

সিআইডির ক্রাইম সিন ইউনিটের ইন্সপেক্টর শেখ রাসেল কবির বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে সাবিরার শ্বাসনালী কেটে ফেলা হয়েছে। তার দেহে ধারালো অস্ত্রের আঘাত ও পোড়ার ক্ষত আছে। আমরা আপাতত নিশ্চিত হয়েছি, এটি একটি হত্যাকাণ্ড। আলামত দেখে মনে হয়েছে, মধ্যরাতের যেকোনো সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসায় এসে আগুনের ধোঁয়া দেখতে পান। নিহত চিকিৎসকের শরীরের কিছু অংশ দগ্ধ ছিলো বলে জানান তারা। মরদেহ উদ্ধারের পর পিঠে দুটি ও গলায় একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পায় পুলিশ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আমরা সকাল ১০টা ২৫ মিনিটে ওই বাসায় একটি আগুনের সংবাদ পাই। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়া দেখতে পান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখান থেকে একটি মরদেহ উদ্ধার করেন।’ ফায়ার সার্ভিস জানায়, মরদেহটির গলা ও পায়ের সামনের অংশ দগ্ধ ছিলো। পেটসহ অন্যান্য অংশ দগ্ধ ছিলো না। ঘরের তোশক পুড়ে গিয়েছিল। এসব দেখে ফায়ার সার্ভিসের সদস্যরা পুলিশে খবর দিতে বলেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রমনা জোনের ডিবির উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, ‘ডা. সাবিরা কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেনের বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি ফ্ল্যাটের দুটি রুম এক তরুণীকে সাবলেট হিসেবে ভাড়া দেন। সকালে সাবলেটে থাকা তরুণী হাঁটতে বের হয়েছিলেন। হেঁটে আসার পর তিনি বাসায় ফিরে দেখেন চিকিৎসক সাবিরার রুম বন্ধ। রুমের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তিনি দারোয়ানকে ডেকে চাবি এনে রুমের তালা খুলে দেখতে পান চিকিৎসক সাবিরা ফ্লোরে পড়ে আছেন। সবাই ভেবেছিলেন, চিকিৎসক আগুনে পুড়ে মারা গেছেন। পরে ডিবি পুলিশ এসে তার গলায় একটি ও পিঠে দুটি আঘাতের চিহ্ন পায়।’ ‘আমরা তদন্ত করছি। আশা করছি, দ্রুত রহস্য উদঘাটন করতে পারবো’ বলেন ডিসি আজিমুল হক। এদিকে সাবিরা হত্যকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন— সাবলেটে থাকা শিক্ষার্থী, তার এক বন্ধু, গৃহপরিচারিকা ও বাড়ির দারোয়ান রমজান।

জাকিয়া খন্দকার মমি নামে সাবিরার এক আত্মীয় বলেন, ‘সে (সাবিরা) আমার মেজো খালার মেয়ে। বয়স ৪৭-এর মতো। গ্রিন লাইফ হাসপাতালে বেশ কয়েক বছর ধরে চাকরি করছেন। ফ্ল্যাটে উনি আর ওনার মেয়ে থাকতো। তার স্বামী এক্স ব্যাংকার, ন্যাশনাল ব্যাংকে ছিলেন। আজকে সাবিরার অফিস ছিলো এবং বেশ কয়েকজনের সাথে বাইরে যাওয়ার কথা ছিলো। মেয়ে গতকাল নানুর বাসায় গিয়েছিলেন। ছেলে নানুর বাসায় থাকে। আমার মনে হয় আশপাশের কেউ শত্রুতার জের ধরে তাকে হত্যা করেছে।’

সাবিরা ফ্ল্যাটটি চলতি বছরের জানুয়ারিতে ভাড়া নিয়েছিলেন বলে জানালেন বাড়িওয়ালা মাহবুব। তিনি বলেন, ‘আমি এই সময় লালমাটিয়া ছিলাম। আমি যতটুকু জানতে পেরেছি সকাল সাড়ে ৯টার দিকে এই ফ্ল্যাট থেকে ধোঁয়া দেখতে পান পাশের বাসার এক নারী। তার এই বাড়িতে একটা ফ্ল্যাট আছে। তার অল্প কিছুক্ষণ পরই সাবলেট মেয়েটা আসে। মেয়েটিকে নিয়ে ভেতরে প্রবেশ করে দেখে রুম লক করা। পরে মিস্ত্রি এনে লক ভেঙে ভেতরে ঢুকে দেখি রুম ধোঁয়াশাচ্ছন্ন। এর কিছুক্ষণ পর দেখি তিনি বেডের উপর পড়ে আছেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে ফোন দেয়া হয়।

সিআইডি অফিসার রাসেল জানান, সাবিরার রুমের ভেতরে সবকিছু এলোমেলোভাবে ছড়ানো ছিটানো ছিলো। তার বালিশ কাঁথা এলোমেলো ছিলো। সে উপর হয়েছিল। আঘাতগুলো সব পেছন থেকে করা হয়েছে। ঘাড়ে দুইটা ও পিঠে দুইটাসহ মোট চারটি আঘাতের দাগ পাওয়া গেছে। এর বাইরে গলার নিচে আঁচড়ের মতো দাগ আছে। শ্বাসরুদ্ধ করে তাকে মারা হয় নাই তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়েছে। যে অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়েছে সে অস্ত্রটি এখানে পাওয়া যায়নি। এই কিলারকে প্রফেশনাল কিলার মনে হয়নি।

সাবিরার দ্বিতীয় স্বামী, শামসুদ্দীন আজাদ। তার আগের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। দুই ছেলে-মেয়ের মধ্যে ছেলে আগের স্বামীর ঘরের। সাবিরার স্বামী সামসুদ্দীন আজাদ বলেন, ‘আমি সকাল ১১টার দিকে খবর পেয়ে এখানে আসি। পুলিশ প্রথমে ভেতরে ঢুকতে দেয় নাই। পরে ভেতরে ঢুকে দেখি রক্তাক্ত লাশ। আমি কাউকে সন্দেহ করতে পারছি না। পুলিশের তদন্তের মাধ্যমে আমি এর সঠিক বিচার চাই।’ সাবিরার মামাতো ভাই জানান, সাবিরার এক ছেলে, এক মেয়ে। ছেলে বড় মেয়ে ছোট। ছেলে বিবিএ পড়ে, মেয়ের বয়স ৯ বছরের মতো। ওনার স্বামী আবুল কালাম আজাদ এখানে থাকেন না। মনোমালিন্যের কারণে এক বছর ধরে আলাদা থাকেন সাবিরা-আজাদ। তবে ওনাদের ভেতরে যোগাযোগ ছিলো এবং ভালো সম্পর্ক ছিলো। সাবিরা রহমানের মামাতো ভাই মো. দুলাল বলেন, ‘আমার বাসা মোহাম্মদপুর। আমি অফিসে ছিলাম, আমার এক চাচাতো ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস দেখে আমি এখানে আসি। প্রথমে আমি শুনেছিলাম আমার বোন আগুনে পুড়ে মারা গেছে। পরবর্তীতে পুলিশের সাথে কথা বলে এবং এখানে এসে দেখলাম যে তার গলা এবং পিঠে আঘাতের দাগ আছে। এখন মনে হচ্ছে এটা একটা হত্যাকাণ্ড।’

রমনা জোনের ডিবির উপ-কমিশনার আজিমুল হক আরও জানান, চিকিৎসক সাবিরার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। রাজধানীর গ্রিন হাসপাতালের রেডিওলজিস্টের দায়িত্বে ছিলেন। সুরতহাল করতে গিয়ে পুলিশ সদস্যরা চিকিৎসক সাবিরা রহমানের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত পেয়েছেন। তার মুখমণ্ডলও ঝলসানো। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর মরদেহ পুড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল।

আমারসংবাদ/জেআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য