ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি-বিএসএফ সেক্টর পর্যায়ে বৈঠক অনু্ষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিজিবি’র আখাউড়া সীমান্ত কম্পানির কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি দিবস-২০২১ উপলক্ষে আখাউড়া-আগরতলা আইসিপিতে বিজিবি-বিএসএফ রিট্রিট সিরিমনি প্যারেড শেষে হওয়া ওই বৈঠকে সীমান্তের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
রিট্রিট সিরিমনিতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি’র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাৎ মো. শাহ্ রিয়ার ইকবাল, ৬০ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার ( পদাতিক), ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ, ভারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা মো. কামরুজ্জামান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ গোকুলনগর ডিআইজি রাকেশ রঞ্জন লাল, ১২০ ব্যাটালিয়নের অধিনায়ক রত্নেশ কুমার, উপ-অধিনায়ক বি ডি রায়, লংকামোড়া কম্পানি কমান্ডার অশোক কুমার রায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল শাহরিয়ার জানান, সীমান্তে যেকোনো সমস্যা নিয়ে বিজিবি-বিএসএফ যৌথভাবে অত্যন্ত আন্তরিক পরিবেশে কাজ করে থাকে। এ কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে, দু’দেশের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গোকুলনগর সেক্টের ডিআইজি রাকেশ রঞ্জন লাল জানান, সীমান্তে যেকোনো সমস্যা নিয়ে বিজিবি-বিএসএফ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করে বিদ্যমান সমস্যার সমাধান করে থাকে। আগামী দিনেও তা বজায় থাকবে। দু’দেশের সম্পর্ক যেন আরো বৃদ্ধি পায় সে লক্ষ্যে বিএসএফ-বিজিবি কাজ করবে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস পালন হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরের সুলতানপুরের ৬০ বিজিবি ব্যাটালিয়ন ও সরাইল উপজেলার কালিকচ্ছে ২৫ ব্যাটালিয়ন সোমবার দুপুরে পৃথকভাবে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করে।
৬০ ব্যাটালিয়নের আলোচনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নুরুল আবছার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি বক্তব্য রাখেন। ২৫ ব্যাটালিয়নে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, বিজিবি’র ডেপুটি রিজিওন কমান্ডার কর্নেল কাজী শামীম হাসান, ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. ফেরদৌস।
এ সময় বক্তারা বলেন, বিজিবি ২২৬ বছরের সংগঠন। এর ইতিহাস খুব সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রেখে যাচ্ছে বিজিবি।
