আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২০ দিনে সারা দেশে গ্রেফতার হয়েছে ১১ হাজার ৯৩১ জন। এ ছাড়া গত চব্বিশ ঘণ্টায় চালানো অভিযানে ৮৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৬১৮ জনকে ও ডিএমপির সাঁড়াশি অভিযানে ২২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চেক পোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৬১৮ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ৭৮৬ জনকে। সবমিলিয়ে সারা দেশ থেকে গ্রেফতার হয়েছে এক হাজার ৪০৪ জন। গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হওয়া অভিযানটিতে মোট ১১ হাজার ৯৩১ জনকে গ্রেফতার করা হলো। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় গ্রেফতারদের কাছ থেকে দু’টি টিপ ছোৱা, একটি লোহার রড, একটি দেশীয় এলজি, একটি কার্তুজ, একটি ছুরি, চারটি চাকু ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২২৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১৫ জন ডাকাত, ২৪ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৫ জন চাঁদাবাজ, ১২ জন চোর, ২৭ জন চিহ্নিত মাদক কারবারি, ৩০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত আসামি। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ছয়টি চাকু, দু’টি সুইচ গিয়ার, একটি দা, একটি চাপাতি, দু’টি কুড়াল, তিনটি পাইপ, একটি মাইক্রোবাস, চারটি মোবাইল ফোন ও নগদ ৬২ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩৭ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা, ২৩৮ পিস ইয়াবা ও 20.২ গ্রাম হেরোইন। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৪৯টি মামলা রুজু করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসূত্রে জানা যায়, ওই ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫৫০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে
বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর ১২টি এবং ডিএমপির সাথে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে।
এ ছাড়াও ডিএমপির সাথে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএনের ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
