সরকারবিরোধী বিক্ষোভের সময় আট বালুচদের মুক্তি দিয়েছে ইসলামাবাদ পুলিশ। ইসলামাবাদ হাইকোর্টের আদেশের প্রেক্ষাপটে তাদের মুক্তি দেয়া হয় বলে দি নিউজ ইন্টারন্যাশনালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে।
গুমের বিরুদ্ধে বিক্ষোভের সময় বুধবার এসব বিক্ষোভকারীকে গ্রেফতার করেছিল ইসলামাবাদ পুলিশ। ৬ মার্চ বিক্ষোভকারীরা তাদের লংমার্চ শুরু করেছিল। তারা ইসলামাবাদ পৌঁছালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান এবং লাঠিচার্জ করে। এরপর তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়।
এই গ্রেফতারের বিরুদ্ধে বালুচ ইয়েকজেতি কমিটি (বিওয়াইসি) ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করে। আদালত বিক্ষোভ করাকে ‘সাংবিধানিক অধিকার’ হিসেবে অভিহিত করে তাদের মুক্তির নির্দেশ দেয়।
ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আমের ফারুক বিক্ষোভে কোনো ধরনের বাধা না দেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিক্ষোভ করার অধিকার বালুচদের রয়েছে।
এদিকে গুমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিওয়াইসি ইসলামাবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছে।
