ফিলিস্তিনে দখলদার ইসরাইলের গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের স্বাধীনতকামী বিপ্লবীদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল জোহরের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবার পল্টন মোড়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের নিজের ভূমিতে নিজেরাই আজ দুর্বিষহ জীবনযাপন করছে। ইসরাইল আজ গাজায় পানি, বিদ্যুৎসহ সব জনসুবিধা বন্ধ করে একটি মরণকূপে পরিণত করেছে। সেখানকার মানুষ আজ মানবেতর জীবনযাপন করছেন। তিনি এ ব্যাপারে জাতিসঙ্ঘের জোরালো হস্তক্ষেপ কামনা করেন। ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্মম নির্যাতন ও হত্যায় দায়সারা বক্তব্যে জাতিসঙ্ঘের বৃদ্ধাঙুলি আমরা মেনে নিতে পারি না। তিনি আরো বলেন, যুগের পর যুগ ইসরাইলি দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো প্রমাণ করেছে, তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতার কথা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়। তিনি ফিলিস্তিনিদের জাতীয় মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের প্রতি হেফাজতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বেদখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে ইসরাইলিদের চলে যাওয়া বা বিতাড়ন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। ইনশা আল্লাহ, সেদিন বেশি দূরে নয়, যেদিন ফিলিস্তিনের যুদ্ধে ইসরাইলের পতন হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী ভাইবোনদের বিজয় অর্জন হবে।
হেফাজত মহাসচিব আগামী ২৮ অক্টোবর হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু ইসরাইল সেখানে অবৈধভাবে অবস্থান করে ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে আক্রমণ করছে এবং নারী শিশু হত্যাসহ মানবতাবিরোধী কার্যক্রম চালাচ্ছে। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন, নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা সরোওয়ার কামাল আজিজি, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা খুরশেদ আলম কাসেমি, মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা মুনজুরুল ইসলাম আফিন্দি, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ প্রমুখ।
