ভারতের উত্তরপ্রদেশ পুলিশ মুসলিম সাংবাদিক ও সমাজকর্মী হুদা জারিওয়ালাকে গ্রেপ্তার করেছে। সাহারানপুরে একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংসের সমালোচনা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘অপরাধী’ বলে মন্তব্য করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মাকতুব মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদটি সাহারানপুর জেলা প্রশাসন কমপ্লেক্সের ভেতরে ছিল। মসজিদটি ধ্বংসের প্রতিবাদ করে জারিওয়ালার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়। ভিডিওতে তিনি প্রশ্ন করেন, মসজিদটি ধ্বংসের অনুমতি কে দিয়েছে এবং ঘটনাটিকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে অভিহিত করেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় আইনজীবী দুষ্যন্ত সিং আদিত্যনাথকে নিয়ে জারিওয়ালার ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে মামলা করেন। প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদ ধ্বংসের প্রতিবাদ করতে সাহারানপুর সার্কিট হাউসে গেলে তাকে আটক করা হয়।
ভারী পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপস্থিতির মধ্যে ৫ সেপ্টেম্বর মসজিদটি ভেঙে ফেলা হয়। কর্তৃপক্ষের দাবি, মসজিদটি প্রায় ৭০ বছরের পুরোনো। তবে মসজিদ কমিটি ও স্থানীয় মুসলিমরা দাবি করেছেন, এটি প্রায় ১৫০ বছরের পুরোনো এবং অন্তত ১৯১১ সাল পর্যন্ত পুরোনো নথিপত্র রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হুদা জারিওয়ালা বিবিসি লন্ডন ও সৌদি টিভি চ্যানেল-২-সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।
