ওমরাহবিষয়ক কম্পানিগুলোর কর্মক্ষমতার মান ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। দেশটির অনুমোদিত ৩৫০টি কম্পানিকে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের মান নিশ্চিত করতে হবে। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, নির্দিষ্ট কিছু মানদণ্ড ব্যবহার করে কম্পানির কর্মক্ষমতার মান মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কম্পানির প্রতি ওমরাহযাত্রীদের সন্তুষ্টির হার অন্তত ৯০ শতাংশ হতে হবে।
আর মূল্যায়নের ভিত্তিতে কম্পানিগুলোর মধ্যে শ্রেণিবিভাগ তৈরি করা হবে এবং ওমরাহ মৌসুমের আগে ও পরের সেবার মান বিশ্লেষণ করা হবে।
পবিত্র হজ সম্পন্ন করে হজযাত্রীরা নিজ নিজ দেশে ফিরছেন। যারা হজের আগে মদিনা গিয়ে রওজা শরিফ জিয়ারত করেনি তারা এখন মদিনায় অবস্থান করছেন। সেখানে তারা পবিত্র মসজিদে নববীতে নামাজ পড়ছেন এবং মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করছেন।
তা ছাড়া উহুদ প্রান্তর, মসজিদে কুবাসহ মদিনার ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করছেন।
এদিকে গত ১৮ জুন থেকে হজের প্রস্তুতি হিসেবে ওমরাহযাত্রীদের আগমন স্থগিত রেখেছে সৌদি আরব। গত ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এরপর গত ১১ জুলাই থেকে সৌদি আরব ও উপসাগরীয় (জিসিসি) দেশগুলোর জন্য ওমরাহর আবেদন শুরু হয়।
ইতিমধ্যে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ৯০ দিন মেয়াদি ওমরাহর ই-ভিসা দিচ্ছে সৌদি আরব। আগামীকাল বুধবার (১৯ জুলাই) থেকে সব দেশের ওমরাহযাত্রীদের গমন শুরু হবে। সেই দিন হিজরি নববর্ষ উপলক্ষে পবিত্র কাবাঘরে নতুন গিলাফ লাগানো হবে।
সূত্র : সৌদি গেজেট
