Sunday, September 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাফনের কাপড় পরে মৌন মিছিল : হাসপাতাল থেকে আবার অনশনে ২ শিক্ষার্থী

কাফনের কাপড় পরে মৌন মিছিল : হাসপাতাল থেকে আবার অনশনে ২ শিক্ষার্থী

ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে এবার কাফন মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার বিকেল ৩টার দিকে ক্যাম্পাসের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে চেতনা একাত্তর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় গোলচত্বরে এসে শেষ হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শাবি’র পরিস্থিতি এবং তাদের দাবির কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে খোলা চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছেও তারা এই সমস্যা সমাধানের আবেদন জানাচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র গণমাধ্যমকে বলেন, তাদের এক দফা এক দাবি ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণ চলে গেলেও তবু আন্দোলন থেকে পিছপা হবে না। ইতোমধ্যে অনশনরত অনেক শিক্ষার্থী মুমূর্ষ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তবুও তারা অনশন ভঙ্গ করেননি।

অনশনরত ২৩ শিক্ষার্থীর ১৬ জন মেডিক্যালে। আমরণ অনশনে যোগ দেয়া আরেক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে আমরণ অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জন বিভিন্ন সরকারি বেসরকারি মেডিক্যালে ভর্তি আছেন।

শনিবার দুপুর ২টা পর্যন্ত ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ৯ জন মেয়ে ও ৭ জন ছেলে। ১৬ জনের মধ্যে ১৩ জন এম এ জি ওসমানী মেডিক্যাল, দু’জন মাউন্ড ও এক জন রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতাল থেকে ফের অনশনে :
অসুস্থ শিক্ষার্থীর মধ্যে কাজল দাস ও আব্দুল্লাহ আর রাফি শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসে ফিরে অনশনরত শিক্ষার্থীদের সাথে অবস্থান নিয়ে পুণরায় অনশন করছেন। কাজল দাস জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে এবং আব্দুল্লাহ আর রাফি এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

আব্দুল্লাহ আর রাফির স্বাস্থ্যের বিষয়ে ওসমানী মেডিক্যালের চিকিৎসক মো: জাহিদ আহমেদের সাথে কথা বললে তিনি বলেন, দীর্ঘ সময় না খাওয়ার কারণে এ সমস্যা হচ্ছে। এভাবে না খেয়ে থাকলে শারীরিক সমস্যা আরো বাড়বে।

ফের অনশনে যোগ দেয়া প্রসঙ্গে রাফি বলেন, শরীর একটু স্বাভাবিক বোধ করায় আমি আবার এসেছি। আমার সাথের এরা এখানে শীতের মধ্যে কষ্ট করছে, আমি যতক্ষণ স্বাভাবিক আছি ততক্ষণ এখানে থাকতে চাই। আর ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো।

শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করতে ঢাকায় শিক্ষক প্রতিনিধি দল : আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকায় না গেলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধির একটি দল শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করতে ঢাকায় গেছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাসের নেতৃত্বে এই কমিটিতে আছেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদেন ডিন ড. মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় শিক্ষামন্ত্রীর বাসভবনে এ বৈঠক শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে বৈঠক বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য