ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদকে মদদ দেয়ার অভিযোগে উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন তেহরিক-ই-হুরিয়তকে বেআইনি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই খবর জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই।
কাশ্মিরের স্বাধীনতাকামী নেতা সম্প্রতি মৃত্যুবরণ করা সৈয়দ শাহ গিলানি প্রতিষ্ঠিত এই সংগঠনটিকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
অমিত শাহ তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, ‘তেহরিক-ই-হুরিয়ত সংগঠনটি এক সময় জম্মু ও কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদে মদদ জুগিয়েছে এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে।’
গিলানি প্রতিষ্ঠিত সংগঠনটির বিরুদ্ধে কাশ্মিরে ভারতবিরোধী প্রচারে মদদ জোগানোর অভিযোগও তুলেন অমিত শাহ।
তার এ বার্তার পর তেহরিক-ই-হুরিয়তকে নিষিদ্ধ করার কথা জানিয়ে সরকারি গেজেট প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রবীণ বশিষ্ঠ।
‘ভারতবিরোধী কার্যকলাপের’ অভিযোগে দীর্ঘদিন ধরেই তেহরিক-ই-হুরিয়তের কার্যকলাপে নজর রেখেছিল কেন্দ্র।
নিজের পুরনো দল জামাত-ই-ইসলামী কাশ্মির থেকে গুটিয়ে নেয়ার পর ২০০৪ সালে তেহরিক-ই-হুরিয়ত প্রতিষ্ঠা করেন গিলানি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
