গাজা উপত্যকার ২২ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক মিসরের সিনাই উপদ্বীপে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয়।
সরকারি নথির উদ্ধৃত দিয়ে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম +৯৭২ ম্যাগাজিন।
১৩ অক্টোবরের ওই নথিতে চলমান ইসরাইলি বিমানের বোমাবর্ষণ এবং গাজায় সাম্প্রতিক স্থল আক্রমণের মধ্যে ফিলিস্তিনিদের সম্পর্কে তিনটি ভিন্ন পরিকল্পনা করা হয়েছে। যা ফিলিস্তিনিদের সম্পূর্ণ ও স্থায়ী স্থানান্তরকে অগ্রাধিকার দেয় এবং আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য ইসরাইলকে আহ্বান জানায়।
ইসরাইল ইতোমধ্যেই গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হচ্ছে। কারণ তাদের জেট বিমানগুলো নির্বিচারে হাসপাতাল, গীর্জা, স্কুল, শরণার্থী শিবির, বাজারসহ অনেক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। সোমবার ইসরাইলি জেট তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালে হামলা করেছে, যেটি গাজা উপত্যকায় ক্যান্সার রোগীদের চিকিৎসার একমাত্র হাসপাতাল।
নথি অনুসারে, ইসরাইল গাজার বেসামরিক নাগরিকদের প্রথমে উত্তর সিনাইয়ের অস্থায়ী আশ্রয়ে সরিয়ে নেবে। পরে স্থায়ী শহরে পাঠিয়ে দেবে। পরে মিসরের ভেতরে কয়েক কিলোমিটারজুড়ে বিশেষ জোন স্থাপন করা হবে, যেন বাসিন্দারা ইসরাইলি সীমান্তের কাছে ঘেঁষতে না পারে।
সূত্র : ডেইলি সাবাহ
